শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

চট্টগ্রাম বন্দরে তামাকসদৃশ পণ্য ও স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা প্রায় ১৭ দশমিক ৫১ টন পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এর মধ্যে ৮ দশমিক ২৫ টন তামাক ও তামাকসদৃশ সামগ্রী এবং ৯ দশমিক ২৬ টন সন্দেহজনক স্ক্র্যাপ পেপার রয়েছে। তামাকের চালানে বিভিন্ন রঙের পাউডারজাত পদার্থও পাওয়া গেছে, যা বাহ্যিকভাবে মাদকদ্রব্যের মতো বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর।

রোববার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দরে কায়িক পরীক্ষার সময় এসব পণ্য শনাক্ত করা হয়। একটি কনটেইনারে থাকা দুটি বিল অব লেডিংয়ের বিপরীতে চালান দুটি আনা হয়েছিল।

কাস্টমস নথি অনুযায়ী, কলকাতা থেকে এমভি উদ্দীপন এক্সপ্রেস জাহাজে করে চালান দুটি চট্টগ্রাম বন্দরে আসে। জাহাজটি ২০ সেপ্টেম্বর কলকাতা থেকে যাত্রা করে ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। একই মাস্টার বিল অব লেডিংয়ের অধীনে দুটি হাউস বিল অব লেডিংয়ের মাধ্যমে পণ্যগুলো আমদানি দেখানো হয়।

প্রথম চালানটির হাউস বিল অব লেডিংয়ে পণ্যের ঘোষণা দেওয়া হয় ‘পান মসলা অ্যান্ড জর্দা (চুইং টোব্যাকো প্রোডাক্ট)’। নথিতে ৪৭৩ প্যাকেজে পণ্যের ওজন ৮ হাজার ৯৭৪ কেজি উল্লেখ করা হয়। কায়িক পরীক্ষায় ৪৭০ প্যাকেজে ৮ হাজার ২৫০ দশমিক ৪ কেজি তামাক ও তামাকসদৃশ সামগ্রী পাওয়া যায়।

কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর জানায়, এসব সামগ্রীর মধ্যে ৪২১ প্যাকেজে ৭ হাজার ৩২৫ দশমিক ৪ কেজি গাঢ় বাদামি, ৩১ প্যাকেজে ৫২৭ কেজি বাদামি, ১৩ প্যাকেজে ২৭৩ কেজি ধূসর এবং পাঁচ প্যাকেজে ১২৫ কেজি সাদা রঙের পাউডারজাত পদার্থ রয়েছে।

উদ্ধার করা পাউডারজাত পদার্থগুলো দেখতে মাদকদ্রব্যের মতো হলেও এগুলোতে মাদক বা অন্য কোনো নিষিদ্ধ কিংবা নিয়ন্ত্রিত উপাদান রয়েছে কি না, তা পরীক্ষার আগে নিশ্চিত হওয়া সম্ভব নয়। এ জন্য নমুনা রাসায়নিক ও ল্যাবরেটরি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

দ্বিতীয় চালানটির হাউস বিল অব লেডিংয়ে পণ্যের ঘোষণা দেওয়া হয় ‘প্রিন্টেড পেপার ক্যাটালগ’। নথিতে ১ হাজার ৫৭০ প্যাকেজের ওজন ৯ হাজার ৮৫৯ দশমিক ৬০ কেজি উল্লেখ করা হয়। তবে কায়িক পরীক্ষায় একই সংখ্যক প্যাকেজে ৯ হাজার ২৬৩ কেজি বা প্রায় ৯ দশমিক ২৬ টন সন্দেহজনক স্ক্র্যাপ পেপার পাওয়া যায়।

দুটি চালান মিলিয়ে ২ হাজার ৪০টি প্যাকেজে মোট ১৭ হাজার ৫১৩ দশমিক ৪ কেজি পণ্য পাওয়া গেছে। এর মধ্যে প্রায় ৮ দশমিক ২৫ টন তামাক ও তামাকসদৃশ পাউডারজাত সামগ্রী এবং ৯ দশমিক ২৬ টন স্ক্র্যাপ পেপার রয়েছে।

তবে কাগজপত্রে আমদানিকারক বা কনসাইনি হিসেবে দেখানো অথৈ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জানিয়েছেন, তিনি বা তাঁর প্রতিষ্ঠান এই আমদানির বিষয়ে কিছুই জানেন না। চালানটির সঙ্গে তাঁদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পৃক্ততা নেই বলেও লিখিতভাবে জানিয়েছেন তিনি।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীর দাবি, কোনো অসাধু চক্র তাঁদের প্রতিষ্ঠানের নাম ও আমদানি-সংক্রান্ত তথ্য ব্যবহার করে চালান দুটি এনেছে। প্রকৃত জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তিনি কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, চালান দুটির বিষয়ে তদন্ত চলছে। পরীক্ষার ফল পাওয়ার পর উদ্ধার হওয়া পাউডারজাত পদার্থের প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি অন্য প্রতিষ্ঠানের নাম ও তথ্য ব্যবহার করে পণ্য আমদানির অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর