down of head

কোম্পানি আইনে শেয়ার বাইব্যাক চান ডিবিএ

বাংলাদেশের পুঁজিবাজারকে আরও গতিশীল, কার্যকর ও বিনিয়োগবান্ধব করতে প্রস্তাবিত কোম্পানি আইন, ১৯৯৪-এর তৃতীয় সংশোধনীতে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাইব্যাক এবং মার্জার ও অ্যাকুইজিশনের (M&A) বিধান অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

বুধবার (৯ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, এনডিসির কাছে ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম স্বাক্ষরিত লিখিত সুপারিশ পাঠানো হয়। একইসঙ্গে বিষয়টি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের সদয় অবগতির জন্য পাঠানো হয়েছে।

ডিবিএ বলেছে, তালিকাভুক্ত কোম্পানির নিজস্ব শেয়ার বাইব্যাকের আইনগত সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। এজন্য কোম্পানি আইন সংশোধনের পাশাপাশি বাইব্যাকের বিধি-প্রবিধান প্রণয়ন, বাস্তবায়ন, তদারকি ও মনিটরিংয়ের ক্ষমতা বিএসইসিকে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া তালিকাভুক্ত কোম্পানির মার্জার ও অ্যাকুইজিশনের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা ও দীর্ঘ আইনি প্রক্রিয়া এড়াতে প্রয়োজনীয় বিধি-প্রবিধান প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষমতাও বিএসইসিকে দেওয়ার সুপারিশ করেছে সংগঠনটি।

ডিবিএর মতে, শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিএসইসির হাতে সুস্পষ্ট নিয়ন্ত্রক ক্ষমতা থাকলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা সহজ হবে। পাশাপাশি তালিকাভুক্ত কোম্পানির করপোরেট পুনর্গঠন ও মূলধন ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং পুঁজিবাজারে গতিশীলতা বাড়বে।

সংগঠনটি আশা করছে, পুঁজিবাজারের উন্নয়ন ও আধুনিকায়ন এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় প্রস্তাবিত কোম্পানি আইন সংশোধনীতে তাদের সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

সম্পর্কিত খবর