এবার সিনেমায় মোনা
ছোট পর্দার পরিচিত মুখ তাহমিনা মোনা। থিয়েটার দিয়ে পথচলা শুরু হলেও উপস্থাপনা, বিজ্ঞাপন ও মডেলিংয়ে তাকে নিয়মিতই পাওয়া যায়। এবার এই অভিনেত্রীকে দেখা যাবে পূর্ণদৈর্ঘ্য সিনেমায়। নাম ‘কথা দিলাম’। এরই মধ্যে শেষ হয়েছে সিনেমার কাজ, এখন অপেক্ষা মুক্তির।
জসীম উদ্দিন আকাশের গল্পে ‘কথা দিলাম’ নির্মাণ করেছেন রকিবুল আলম রকিব। এরই মধ্যে সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে জানান এর নির্মাতা। এতে সাথী চরিত্রে দেখা যাবে মোনাকে।
শোবিজে পথচলা শুরু প্রসঙ্গে তাহমিনা মোনা বলেন, ‘সপ্তম শ্রেণিতে অধ্যয়নকালে প্রথম ছড়া লেখি, এরপর কবিতা। আমাদের দেশের জাতীয় দৈনিকের পাশাপাশি ওপার বাংলার পত্রিকাতেও আমার কবিতা প্রকাশিত হয়েছে। ২০১৭ সালে প্রথম পালাকার থিয়েটার পাঠশালার মাধ্যমে অভিনয়ের যুক্ত হই। পরবর্তীতে বাংলাদেশ শিশু একাডেমির মূকাভিনয় নাটকের মাধ্যমে ২০১৮ সালে প্রথম মঞ্চে আত্মপ্রকাশ।’
‘কথা দিলাম’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জামশেদ শামীম, সাবরিনা সুলতানা কেয়া, সমু চৌধুরী, পরাগ বিশ্বাস, কাজল, শেখ স্বপ্না, শাইলা, হাসিমন, সুচনা শিকদারসহ অনেকে।



