down of head

এক দশকের সর্বোচ্চ কয়লা ও জ্বালানি ব্যবহার করেছে চীন

এক দশকের মধ্যে জ্বালানি ও কয়লা খাতে নিজেদের সর্বোচ্চ ব্যবহার রেকর্ড করেছে চীন। ২০১১ সালের পর গত বছর সর্বোচ্চ পরিমাণ জ্বালানি ও কয়লা ব্যবহার করে দেশটি। কভিড-১৯ মহামারী-পরবর্তী সময়ে অর্থনৈতিক পুনরুদ্ধার শক্তিশালী হওয়ায় এমন ব্যবহার প্রবৃদ্ধির দৃশ্য দেখে দেশটি। সম্প্রতি চীনের পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্যে এটি জানা যায়। খবর রয়টার্স।

বিশ্বের শীর্ষ কয়লা ব্যবহারকারী ও গ্রিনহাউজ গ্যাস নির্গমনকারী দেশ চীন গত বছর মোট ৫২৪ কোটি টন কয়লা জ্বালানি হিসেবে ব্যবহার করেছে, যা ২০২০ সালের তুলনায় ৫ দশমিক ২ শতাংশ বেশি। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস (এনবিএস) এমনটা জানায়। ২০১১ সালের পর এটি এক বছরে দেশটির সর্বোচ্চ কয়লার ব্যবহার। গত বছরে দেশটির কয়লা ব্যবহারের পরিমাণও ৪ দশমিক ৬ শতাংশ বাড়ে বলে জানায় এনবিএস, যা এক দশকের তুলনায় শক্তিশালী প্রবৃদ্ধির দৃশ্য দেখে।

চীন সরকার উচ্চ জ্বালানিসম্পন্ন শিল্প নির্মাণ সীমাবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে। এ সময় কোম্পানিগুলোকে কম জ্বালানিতে উচ্চ কার্যদক্ষতা অর্জনের প্রতি আহ্বান জানানো হয়। জীবাশ্ম জ্বালানি ব্যবহার বাড়ার ফলে কার্বন নিঃসরণ কমিয়ে আনার পরিকল্পনা ব্যাহত হওয়ায় এমন আহ্বান জানায় চীন।

প্রেসিডেন্ট শি জিনপিং ২০৩০ সালের মধ্যে চীনের কার্বন নিঃসরণের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে আসার পাশাপাশি ২০৬০ সালের মধ্যে দেশটিকে কার্বন নিরপেক্ষ দেশে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এ সময়ে ঠিক কী পরিমাণ কার্বন নিঃসরণ ও কী পরিমাণ জ্বালানি ব্যবহার করা হবে সে ব্যাপারে কোনো কিছু জানাননি প্রেসিডেন্ট জিনপিং।

কিছু এলাকায় বিদ্যুতের ব্যবহার সীমিত করাসহ নানা বিধিনিষেধ সত্ত্বেও এনার্জি ইনটেনসিটি (অর্থনীতির প্রতি এককের বিপরীতে জ্বালানি ব্যবহারের পরিমাণ) গত বছরে ২ দশমিক ৭ শতাংশ কমেছে। এ সময়ে এনার্জি ইনটেনসিটি ৩ শতাংশ পর্যন্ত কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নেয়া হয়েছিল।

গত বছরে দেশজুড়ে বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় কয়েকশ কয়লা খনি বাড়ানোর অনুমোদন দিয়েছিল চীন। ফলে দেশটির বার্ষিক কয়লা উত্তোলন সক্ষমতা ৪২ কোটি টন বেড়েছে। গত সপ্তাহে চীন জানায়, দেশটির দৈনিক কয়লা উত্তোলন সক্ষমতা ২০২১ সালের শেষ সময়ের স্তরে পুনরুদ্ধার হয়েছে। জিরো কভিড নীতিমালা শিথিল ও সরবরাহ ব্যবস্থা নির্বিঘ্ন করার জন্য চীনের পরিবেশগত প্রতিশ্রুতি সহজ করছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

সম্পর্কিত খবর