একদিনেই মিলছে ড্রাইভিং লাইসেন্স: বিআরটিএ
বর্তমানে একদিনের মধ্যেই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় বলে দাবি করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। তিনি বলেছেন, ড্রাইভিং লাইসেন্স এখন একদিনেই পাওয়া যায়। গ্রাহক যেদিন গাড়ি চালানোর পরীক্ষায় পাস করেন, ওইদিন অনলাইনে ফি জমার মাধ্যমে একটি ই-লাইসেন্স ইস্যু করা হয়। সেটিই ড্রাইভিং লাইসেন্স। বুধবার দুপুরে বিআরটিএ’র বনানী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিআরটিএ চেয়ারম্যান বলেন, বর্তমানে ই-লাইসেন্সই ড্রাইভিং লাইসেন্স। হার্ড কপি পেতে ১৫ থেকে ২০ দিন বা এর বেশি সময় লাগে। এই সময়ে গ্রাহক অনলাইনে পাওয়া ই-লাইসেন্স দেখিয়েই রাস্তায় চলাচল করতে পারবেন। হার্ড কপি দেখাতে হবে না।
এ সময় বিআরটিএ’র মোটরযান নিবন্ধন/রেজিস্ট্রেশন ছাড়াও ফিটনেস সনদ ইস্যু, নবায়ন, রুট পারমিট ইস্যু ও নবায়নে ঘুষ প্রদানসহ অন্যান্য বিষয়ে টিআইবির উপস্থাপিত প্রতিবেদনকে অনুমাননির্ভর, অসত্য ও উদ্দেশ্যমূলক বলেও দাবি করেন চেয়ারম্যান। সেই সঙ্গে তিনি বলেন, এমন উদ্দেশ্যমূলক তথ্য প্রকাশের বিরুদ্ধে বিআরটিএ তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি তা প্রত্যাখ্যান করেছে।
নুর মোহাম্মদ মজুমদার বলেন, আমরা টিআইবির কাছে এর লিখিত ব্যাখ্যা চাইবো। টিআইবি যে গঠনমূলক ও বাস্তবধর্মী সুপারিশগুলো করেছে, তা আমরা আমলে নিয়ে কাজ করবো।



