আয় ও মুনাফা দুটোই বেড়েছে রানার অটোমোবাইলসের
চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ভালো ব্যবসা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেড। এ সময়ে কোম্পানিটির আয় ও কর-পরবর্তী নিট মুনাফা উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। আজ বুধবার প্রকাশিত কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৮২৪ কোটি ২৩ লাখ টাকা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৮০২ কোটি ৩৮ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত আয় বেড়েছে ২১ কোটি ৮৪ লাখ টাকা বা ২ দশমিক ৭২ শতাংশ।
তিন প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৪৪ কোটি ৪০ লাখ টাকা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ৪৩ কোটি ৭৫ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৬৫ লাখ টাকা বা ১ দশমিক ৫০ শতাংশ।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৭ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ২ টাকা ৫০ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৬ টাকা ৪৩ পয়সা।
অন্যদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) রানার অটোমোবাইলসের সমন্বিত আয় হয়েছে ২৯৩ কোটি ৯২ লাখ টাকা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ২৭৭ কোটি ১১ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ১৫ কোটি ৬৮ লাখ টাকা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ১৫ কোটি ১১ লাখ টাকা।
আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৭৮ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৮৫ পয়সা।


