আয় ও মুনাফা দুটোই বেড়েছে তিতাস গ্যাসের
চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধে আয় ও মুনাফা দুটোই বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের। এ সময়ে কোম্পানিটির আয় বেড়েছে প্রায় ৩ শতাংশ। আর কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আজ রোববার অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এ প্রতিবেদন অনুমোদন করা হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথমার্ধে তিতাস গ্যাসের আয় হয়েছে প্রায় ৯ হাজার ৩১ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ের আয় ছিল প্রায় ৮ হাজার ৭৭৯ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ২৫২ কোটি ৪৪ লাখ টাকা বা ২ দশমিক ৮৮ শতাংশ। অন্যদিকে প্রথমার্ধে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৪২ কোটি ৬৬ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ১৪১ কোটি ৩৪ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১ কোটি ৩২ লাখ টাকা বা দশমিক ৯৪ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৪ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১ টাকা ৪৩ পয়সা।
অন্যদিকে দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির আয় হয়েছে ৪ হাজার ৬৭১ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ের আয় ছিল ৪ হাজার ৫২৬ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে প্রায় ৭২ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল প্রায় ৭৫ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৩ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৭৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭১ টাকা ৮১ পয়সায়।



