আবাসন ব্যবসায়ীদের জন্য হোটেল বুকিংয়ে ছাড়
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
এর আওতায় রিহ্যাবের সদস্য, তাদের কর্মী ও আইনগত নির্ভরশীল এবং রিহ্যাব সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও তাদের নির্ভরশীলরা সারা বছর ঢাকা রিজেন্সির বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা পাবেন।
শনিবার (২৫ জুলাই) ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের গ্র্যান্ড সামিট-২ হলে এ সমঝোতা স্মারক সই হয়।
চুক্তি অনুযায়ী, উপকারভোগীরা হোটেলের রুম বুকিংয়ে (অ্যাকোমোডেশন) সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এছাড়া খাবারের ক্ষেত্রে ‘বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি’ সুবিধাও উপভোগ করতে পারবেন।
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল, ভাইস প্রেসিডেন্ট (২) আবু খালিদ মো. বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ, পরিচালক এ এস এম আবদুল গাফফার মিয়াজী ও হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন।
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের পক্ষে উপস্থিত ছিলেন হোটেলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিদ্দিকীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ রিহ্যাব সদস্যদের জন্য অতিরিক্ত মূল্য সংযোজন করবে এবং আতিথেয়তা ও রিয়েল এস্টেট খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে।


