আজ থেকে শ্রীলংকায় ৪ ঘণ্টার বেশি বিদ্যুৎ সরবরাহ বন্ধ
অর্থনৈতিক সংকটে পর্যুদস্ত শ্রীলংকায় আজ থেকে প্রায় সাড়ে ৪ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল এ বিষয়ে শ্রীলংকার পাবলিক ইউটিলিটি কমিশনের (পিইউসিএসএল) কাছে এক চিঠিতে অনুমোদন চেয়ে অনুরোধ জানায় দেশটির সর্ববৃহৎ বিদ্যুৎ উৎপাদন কোম্পানি সেলন ইলেকট্রিসিটি বোর্ড (সিইবি)। তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোয় জ্বালানি সংকটের কারণে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম।
এতে বলা হয়েছে, পিইউসিএলের অনুরোধ অনুমোদন দেয়া হয়েছে। ফলে সোমবার থেকে পরবর্তী তিনদিন ৪ ঘণ্টা ২০ মিনিট করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে রাত ১০টার মধ্যে দুই দফায় এ লোডশেডিং হবে। এর মধ্যে ৩ ঘণ্টা ২০ মিনিট দিনে এবং অবশিষ্ট সময় রাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। সন্ধ্যা ৬টার আগে এবং রাত ১০টার মধ্যে অন্ধকারে থাকতে হবে দেশটির নাগরিকদের। এ বিষয়ে বিস্তারিত সূচি পিইউসিএসএলের কাছে জমা দিয়েছে সিইবি।
এছাড়া আগামীকাল মঙ্গল ও বুধবারের জন্য ৪ ঘণ্টা ৫০ মিনিট করে বিদ্যুৎ বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে। সেক্ষেত্রে ৩ ঘণ্টা ২০ মিনিট দিনে এবং রাতে দেড় ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ১৯৬৯ সালে যাত্রা করা সেলন ইলেকট্রিসিটি বোর্ড শ্রীলংকার সর্ববৃহৎ কোম্পানি, যেটি একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন, সরবরাহ, বিতরণ ও খুচরা পর্যায়ে বিক্রয় করে। পাওয়ার অ্যান্ড এনার্জি মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, কয়লাবিদ্যুৎ ও বায়ুবিদ্যুৎ উৎপাদন করে। এত লম্বা সময় ধরে বিদ্যুৎ সরবরাহে ব্যর্থতার পেছনের কারণ হিসেবে বলা হচ্ছে, বিদ্যুৎকেন্দ্রগুলোয় জ্বালানির সংকট। এর আগে জাতীয় গ্রিডে সরবরাহে ব্যর্থতার জেরে ২০১৯ সালেও ৪ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছিল সিইবি। দ্রুত দুটি জাহাজ আনলোড করা না হলে মে মাস নাগাদ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির জ্বালানি বিশেষজ্ঞরা।
এদিকে জ্বালানির জন্য গতকালও দেশটির আলাদা কয়েকটি জায়গায় বিক্ষোভ হয়েছে। পেট্রল পাম্পগুলোয় গ্রাহকদের দীর্ঘ সারি দেখা গেছে। শ্রীলংকার সংবাদমাধ্যম নিউজ ফার্স্ট এক প্রতিবেদনে জানায়, জ্বালানির দাবিতে রোববার প্রায় দেড় ঘণ্টা কুরুনেগালা শহর থেকে ডাম্বুলা প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করে পোলাথথপিটিয়ার বাসিন্দারা। আরো কয়েকটি শহর ও গ্রামেও একই দাবিতে আন্দোলনে নামেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, জ্বালানি সরবরাহ বাড়ানো। খবরে আরো বলা হয়েছে, নওলাপিটিয়ার পাম্পগুলোয় পেট্রোলের জন্য দীর্ঘ লাইন দেখা গেছে। রোববার বিকালে থুম্বাগোদা এলাকার বালাঙ্গোদারত্নপুরা প্রধান সড়ক অবরোধ করে জ্বালানির দাবিতে বিক্ষোভ হয়েছে। এদিকে গলেতে গোতা গো গামা নামে চলমান বিক্ষোভ পুলিশ সরিয়ে দিতে গেলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। শহরটিতে আন্দোলনকারীদের অস্থায়ী কাঠামো (যেমন তাঁবু) সরিয়ে দিতে গেলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা ও উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পুলিশ তাঁবু থেকে খাবার ও পানীয় সরিয়ে দিয়েছে।
এছাড়া ২৮টি রাজনৈতিক দল ও সংগঠনের নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) তিনদিনের প্রতিবাদী রোডমার্চের ডাক দিয়েছে। জোটের নেতা অনুরা কুমার দিশানায়েকে জানান, বেরুয়ালা থেকে এ রোডমার্চ মঙ্গলবার কলম্বো পৌঁছবে।



