down of head

আইপিডিসির নিট মুনাফা বেড়েছে ২৫ শতাংশ

সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে ভালো ব্যবসা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। আগের হিসাব বছরের তুলনায় এ সময়ে কোম্পানিটির আয় বেড়েছে প্রায় ২২ শতাংশ। আর কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ২৫ শতাংশ। কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ প্রতিবেদন অনুমোদন দেয়া হয়। পাশাপাশি সভা থেকে সমাপ্ত হিসাব বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দেয়া হয়েছে।

তথ্যমতে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে আইপিডিসি ফাইন্যান্সের আয় আগের হিসাব বছরের তুলনায় ২১ দশমিক ৭ শতাংশ বেড়ে ৩৪৪ কোটি টাকা হয়েছে। আর কর-পরবর্তী নিট মুনাফা ২৪ দশমিক ৯ শতাংশ বেড়ে হয়েছে ৮৮ কোটি টাকা। সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৭ পয়সা। যেখানে আগের হিসাব বছরে আয় ছিল ১ টাকা ৯০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ১২ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৬ টাকা ৩৪ পয়সা।

এদিকে সমাপ্ত হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৭ এপ্রিল ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ২২ মার্চ।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আইপিডিসি ফাইন্যান্স। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ১ টাকা ৯০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭২ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২০ শেষে প্রতিষ্ঠানটির এনএভিপিএস ছিল ১৬ টাকা ৩৪ পয়সা।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইপিডিসির অনুমোদিত মূলধন ৮০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩৭১ কোটি ৯ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৯৪ কোটি ৯৯ লাখ টাকা। প্রতিষ্ঠানটির মোট শেয়ার সংখ্যা ৩৭ কোটি ১০ লাখ ৯১ হাজার ৫৪৭। এর মধ্যে ৪৮ দশমিক শূন্য ৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকের কাছে। এছাড়া সরকারের কাছে ২১ দশমিক ৮৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৫ দশমিক ৬৯, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ৯ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১৪ দশমিক ৩০ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে গতকাল আইপিডিসি শেয়ারের সর্বশেষ দর ছিল ৩৬ টাকা ৬০ পয়সা। সমাপনী দর ছিল ৩৬ টাকা ৪০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২১ টাকা ৪০ পয়সা ও ৪৯ টাকা ৭০ পয়সা।

সম্পর্কিত খবর