আইএফআইসি ব্যাংকে ডাকাতির চেষ্টায় তিনজন রিমান্ডে

রাজধানীর বাড্ডায় আইএফআইসি ব্যাংকে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার তিন আসামির দুই দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার এই আদেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা (জিআরও) রণপ কুমার ভক্ত বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আনাস উদ্দিন আসামিদের হাজির করে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আসামিদের দুই দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

জিআরও আরও বলেন, রিমান্ডে নেওয়া আসামিরা হলেন মো. হৃদয় হোসেন (২১), মো. মামুন (২০) ও রুবেল শিকদার (২১)।

নথি থেকে জানা গেছে, আজ রোববার ভোরে আইএফআইসি ব্যাংকের বাড্ডা শাখার সাইনবোর্ডের দেয়াল ভেঙে ভেতরে একজন প্রবেশ করে। এরপরে সে শাবল দিয়ে একটি ভোল্ট ভেঙে ফেলে। ঘটনাটি আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ের সিসি ক্যামেরায় ধরা পড়ে। সেখানকার কর্মীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেয়।

পরবর্তীতে ৯৯৯ নম্বর থেকে থানায় খবর দেওার পর টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকের ভেতর থেকে একজনকে গ্রেপ্তার করে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় বাড্ডা থানায় ডাকাতির ঘটনায় মামলা দায়ের করা হয়।

 

সম্পর্কিত খবর