কিউআর কোডে সরাসরি টাকা পাঠানোর সুযোগ
এখন থেকে মোবাইল নম্বর বা ব্যাংক হিসাব নম্বর টাইপ না করেই কিউআর কোড স্ক্যান করে একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে টাকা পাঠাতে পারবেন। এ জন্য দেশে চালু হয়েছে বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেন সেবা।
রোববার (১ নভেম্বর) থেকে চালু হওয়া এ সেবার মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে প্রাপকের তথ্য যাচাইয়ের পর অর্থ স্থানান্তর করা যাবে।
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া এ ব্যবস্থায় ব্যক্তিপর্যায়ে ডিজিটাল লেনদেন আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে দৈনন্দিন ছোটখাটো লেনদেনে নগদ টাকার ব্যবহার কমাতে এ সেবা ভূমিকা রাখবে।
নতুন এ ব্যবস্থায় কাউকে টাকা পাঠাতে হলে প্রাপকের বাংলা কিউআর কোড স্ক্যান করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য যাচাই করে লেনদেন সম্পন্ন করা যাবে।
এতে প্রাপকের মোবাইল নম্বর বা ব্যাংক হিসাব নম্বর মনে রাখা কিংবা হাতে লিখে দেওয়ার প্রয়োজন হবে না।
বাংলাদেশ ব্যাংক মনে করছে, এ উদ্যোগের ফলে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ব্যবহার বাড়বে। পাশাপাশি আরও বেশি মানুষকে ডিজিটাল লেনদেনের আওতায় আনা এবং নগদ অর্থের ওপর নির্ভরতা কমানো সহজ হবে।



