পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা
নতুন ডিজিটাল ব্যাংকিং সলিউশন (ডিবিএস) চালুর জন্য টানা পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ও সেবা। আগামী ১ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ব্যাংকটির কার্যক্রম বন্ধ থাকবে।
আজ বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে জারি করা এক সার্কুলারে এ অনুমোদন দেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়, পল্লী সঞ্চয় ব্যাংকের নতুন ডিজিটাল ব্যাংকিং সলিউশন (ডিবিএস) চালুর কার্যক্রম নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং সিস্টেম স্থানান্তর-পরবর্তী তথ্যের নির্ভুলতা ও সামঞ্জস্য নিশ্চিত করতে এ সময় নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত সার্কুলারে আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ ডাউনটাইমের অনুমোদন দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়জুড়ে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। ফলে এ সময়ে ব্যাংকটির গ্রাহকরা স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।



