কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!
জিনান মাহমুদ:
স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে মো. আসলাম রেজার নিয়োগপত্র বাতিল করা হয়েছে। তবে নিয়োগ বাতিল ও যোগদানপত্র গ্রহণ না করার বিষয়ে- আসলাম রেজা ও কোম্পানি কর্তৃপক্ষের পক্ষে পরস্পরবিরোধী দাবি পাওয়া গেছে।
অর্থবাংলাকে দেওয়া এক বক্তব্যে আসলাম রেজা অভিযোগ করেন, কোটি টাকার ভূয়া বিল ভাউচারে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানানোর কারণে তার সিইও পদে নিয়োগ বাতিল করা হয়েছে। তিনি দাবি করেন, স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আইন লঙ্ঘন, অনিয়ম ও দুর্নীতির মধ্যে নিমজ্জিত এবং গ্রাহকরা তাদের বিমার পাওনা টাকা পাচ্ছেন না।
তিনি আরও জানান, কোম্পানিতে যোগ দেওয়ার পর কোম্পানির সাবেক সিইও ইখতিয়ার উদ্দিন শাহিন ও কোম্পানি সচিব সাজিদ হোসেন এক কোটি টাকা আত্মসাতের চেষ্টা চালান। এই উদ্দেশ্যে তার কাছে ভূয়া বিল ভাউচারে স্বাক্ষর চাওয়া হলে তিনি তা অস্বীকার করেন এবং বাধা প্রদান করেন; যার জেরেই তাকে দ্রুত সরিয়ে দেওয়া হয়েছে।
আসলাম রেজা দ্রুত শাহিন-সাজিদ সিন্ডিকেটের দীর্ঘদিন ধরে চলে আসা স্বদেশ লাইফের অনিয়ম ও লুটপাটের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত দাবি করেন। তিনি বলেন, এখনো স্বদেশের প্রতিমাসে ২০ থেকে ২৫ লাখ টাকা রেন্যুয়াল ব্যবসা হয়, কিন্তু এই টাকা কোম্পানিতে জমা না হয়ে পুরোটাই দুর্নীতিবাজদের পকেটে যায়। তার মতে, দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং গোয়েন্দা সংস্থা যৌথভাবে তদন্ত পরিচালনা করলে স্বদেশ লাইফের লুটপাটের ভয়াবহ চিত্র ফুটে উঠবে।
তবে এসব অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে সাবেক সিইও ইখতিয়ার উদ্দিন শাহিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সার্বিক বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) এক কর্মকর্তা জানান, স্বদেশ লাইফের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগের পাহাড় জমেছে। লাইফ ফান্ডের টাকা থেকে শুরু করে নানা কৌশলে প্রতিষ্ঠানটি থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। ফলে বিমা খাতে যেসব ঝুঁকিপূর্ণ কোম্পানি রয়েছে, তার মধ্যে স্বদেশ অন্যতম। সিইও সংক্রান্ত ইস্যুতে কোম্পানিতে যা চলছে, তাকে ‘নজিরবিহীন’ উল্লেখ করে ওই কর্মকর্তা আরও জানান, অনিয়ম বন্ধে স্বদেশ লাইফের বিরুদ্ধে আইডিআরএ প্রথম বর্ষের ব্যবসা বন্ধসহ লাইসেন্স বাতিলের মতো কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।
অন্যদিকে স্বদেশ লাইফ সূত্রে প্রাপ্ত চিঠির ভিত্তিতে জানা যায়, গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে মো. আসলামকে সিইও পদে নিয়োগ দেওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী তিনি গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে যোগদানপত্র অনুমোদনের জন্য কোম্পানির চেয়ারম্যান বরাবর পাঠান। তবে যোগদানপত্র অনুমোদনের পূর্বেই বিভিন্ন গণমাধ্যমে আসলাম রেজার বিরুদ্ধে তার পূর্বের কর্মস্থলে আর্থিক অনিয়মের সংবাদ প্রকাশিত হয়। এ কারণে প্রতিষ্ঠানটি তার যোগদানপত্র গ্রহণ করতে অপারগতা প্রকাশ করে এবং নিয়োগপত্রটি বাতিল ঘোষণা করে।
৫ অক্টোবর কোম্পানির চেয়ারম্যান মাকসুদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই নিয়োগ ইস্যুর তারিখ থেকেই সরাসরি বাতিল ঘোষণা করা হয়। এই চিঠির অনুলিপি আইডিআরএ চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট আইন ও লাইফ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবগতির জন্য পাঠানো হয়েছে।



