বন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাও
চট্টগ্রামের পাহাড়তলীতে বন্ডেড এক্সেসরিজ প্রতিষ্ঠান জেস এক্সেসরিজ বিডি লিমিটেডের গুদামে হিসাবের তুলনায় ১৩ লাখ ৩৫ হাজার ২৭৫ দশমিক ৮ কেজি কাঁচামালের ঘাটতি পাওয়া গেছে।
সোমবার (৫ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এনবিআর জানায়, গত ২৮ সেপ্টেম্বর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) প্রতিষ্ঠানটির গুদাম পরিদর্শন করে। অনলাইন ইউটিলাইজেশন পারমিশনের তথ্য অনুযায়ী, গুদামে ১৯ লাখ ২০ হাজার ৮৫৭ কেজি কাঁচামাল থাকার কথা থাকলেও সরেজমিনে পাওয়া যায় ৫ লাখ ৮৫ হাজার ৫৮১ দশমিক ২ কেজি।
ঘাটতি পাওয়া কাঁচামালের শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ২৪ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার ৬৪১ টাকা। এসব পণ্যের বিপরীতে প্রযোজ্য শুল্ক-কর প্রায় ৯ কোটি ১০ লাখ ৪৭ হাজার ১৫৪ টাকা।
প্রতিষ্ঠানটি বন্ড সুবিধার আওতায় এলডিপি, এইডিপিই, এলএলডিপিই, পিপি, জিপিপিএস, এইচআইপিএস, বিওপিপি, ডুপ্লেক্স বোর্ড ও রাবার থ্রেড ইয়ার্নসহ বিভিন্ন কাঁচামাল শুল্কমুক্ত সুবিধায় আমদানি করে থাকে।
এনবিআর জানায়, গুদামে না পাওয়া কাঁচামাল অনুমোদিত উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে যথাযথভাবে ব্যবহার করা হয়েছে কি না, নাকি বন্ড সুবিধার অপব্যবহার করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে—তা তদন্ত করছে সিআইআইডি।
তদন্ত ও প্রয়োজনীয় দলিলপত্র যাচাই শেষে প্রযোজ্য আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
