down of head

১ অক্টোবর থেকে তাৎক্ষণিক বাংলা কিউআর পেমেন্ট

বাংলা কিউআর কোডের মাধ্যমে পেমেন্টের পর মার্চেন্টের হিসাবে টাকা জমা হওয়ার সময় কমিয়ে তাৎক্ষণিক করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআর ব্যবহার করে সম্পন্ন হওয়া সব লেনদেনের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দিতে হবে।

বর্তমানে বাংলা কিউআর পেমেন্টের অর্থ মার্চেন্টের হিসাবে জমা হতে এক দিন পর্যন্ত সময় লাগে। নতুন নির্দেশনা কার্যকর হলে এ অপেক্ষার অবসান হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) এ বিষয়ে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে ব্যাংক, এমএফএস ও পিএসপির মোবাইল অ্যাপের হোম পেজে বাংলা কিউআর পেমেন্টের আইকন সহজে দৃশ্যমান ও ব্যবহারযোগ্য স্থানে রাখতে হবে। বিশেষ করে হোম পেজের নিচের মাঝামাঝি অংশে, ব্যবহারকারীর বুড়ো আঙুল সহজে পৌঁছাতে পারে—এমন জায়গায় আইকনটি রাখতে হবে।

এ ছাড়া আগামী ৩১ অক্টোবরের মধ্যে বাংলা কিউআর স্ক্যান করার পাশাপাশি কিউআর কোডের ছবি আপলোড করেও পেমেন্ট করার সুবিধা চালু করতে হবে। একই সময়ের মধ্যে কার্ড হিসাবধারীসহ সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারীকে মোবাইল অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্টের সুযোগ দিতে বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয় ও গ্রাহকবান্ধব করতে এবং মার্চেন্টদের এ পদ্ধতিতে পেমেন্ট গ্রহণে উৎসাহিত করতেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন ব্যবস্থা চালু হলে বাংলা কিউআরে পেমেন্ট গ্রহণের পর মার্চেন্টদের অর্থ জমা হওয়ার জন্য পরবর্তী দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে না। ফলে লেনদেনের অর্থ দ্রুত ব্যবহার করার সুযোগ তৈরি হবে।

সম্পর্কিত খবর