down of head

ন্যাড়া মাথার ছবি দিয়ে সামিয়ার সাহসী বার্তা

ক্যানসারের সঙ্গে দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় ধরে লড়াই করছেন জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী সামিয়া আফরিন। কোলন ক্যানসার জয় করার পর সম্প্রতি আবারও ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। বর্তমানে কেমোথেরাপি নিচ্ছেন এই শিল্পী।

চিকিৎসার কারণে চুল পড়ে যাওয়ার পর মঙ্গলবার ফেসবুকে নিজের ন্যাড়া মাথার ছবি প্রকাশ করেছেন সামিয়া আফরিন। ছবির সঙ্গে দেওয়া এক আবেগঘন পোস্টে নিজের নতুন রূপকে গ্রহণ করার কথা জানিয়েছেন তিনি।

সামিয়া লেখেন, জীবনে কিছু বিষয় পছন্দের না হলেও মেনে নিতে হয়। কিছু পরিবর্তন সহজ না হলেও তা গ্রহণ করতে হয়। নিজের এই পরিবর্তন ও নতুন রূপকে তিনি মেনে নিয়েছেন বলেও জানান।

সৌন্দর্যের প্রকৃত অর্থ তুলে ধরে তিনি বলেন, চুল থাকুক বা না থাকুক, সৌন্দর্য শুধু আয়নায় দেখা যায় না। নিজেকে নিজের মতো করে গ্রহণ করতে পারাই আসল সৌন্দর্য। তাঁর এই নতুন লুক জীবনের একটি কঠিন সময়ের গল্প হলেও এর সঙ্গে সাহস, গ্রহণযোগ্যতা ও নিজের প্রতি ভালোবাসার বিষয়টিও জড়িয়ে আছে।

পোস্টের শেষে আত্মবিশ্বাসী সামিয়া বলেন, ন্যাড়া মাথা নিয়েও নিজের সত্তা নিয়ে তাঁর কোনো সংকোচ বা দ্বিধা নেই। জীবনের প্রতিটি সংস্করণের জন্য তিনি আলহামদুলিল্লাহ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, এই কঠিন সময়ও একদিন কেটে যাবে।

সামিয়ার এই সাহসী বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রশংসা কুড়িয়েছে।

সম্পর্কিত খবর