down of head

মার্চে নেপাল সফরে বাংলাদেশ

নেপালের সঙ্গে এর আগে কখনোই দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি বাংলাদেশ। দুই দলের যা দেখা হয়েছে, সেটি বৈশ্বিক আসরে। ক’দিন আগেই জানা গিয়েছিল, বাংলাদেশকে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলা প্রস্তাব দিয়েছে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সেই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছিল।

এবার নেপাল সফরের চূড়ান্ত ঘোষণা দিল বিসিবি। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ২০২৭ সালের মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপাল সফরে যাবে বাংলাদেশ।

২০২৭ সালের ২৬ মার্চ প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ আর নেপাল। একদিন পর ২৮ মার্চ দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল। এরপর ৩০ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে নেপালের রাজধানী কাঠমান্ডুতে।

এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য নেপাল ক্রিকেট বোর্ড আমাদের কাছে বেশ কিছুদিন আগেই একটি প্রস্তাব পাঠিয়েছে। বাংলাদেশও বিষয়টি অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছে। বর্তমানে দুই দেশের বোর্ডের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে।

সম্পর্কিত খবর