ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষ্যে রাজধানীজুড়ে চেকপোস্ট, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।
তিনি বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে। রাজধানীজুড়ে পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। মহানগরের সব প্রবেশপথে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
নিয়াজ মেহেদী বলেন, ডিবি ও সিটিটিসির সদস্যরা অপারেশনাল কার্যক্রমে মোতায়েন থেকে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবেন। গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিটের সদস্যরা সুইপিং কার্যক্রম পরিচালনা করবেন।
তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় এনে এসব এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে। সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম ও তথ্য সংগ্রহ অব্যাহত রাখবেন।
সার্বিক নিরাপত্তা জোরদারে অতিরিক্ত র্যাব ও সিআইডি টিমও মোতায়েন থাকবে জানিয়ে ডিএমপির এই কর্মকর্তা বলেন, জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত ও মোতায়েন রাখা হয়েছে।
তিনি বলেন, স্বাভাবিক মোতায়েনের বাইরে অতিরিক্ত অফিসার ও ফোর্স রাজধানীর বিভিন্ন এলাকায় আলোচনা সভা, মিলাদ মাহফিল ও র্যালিকেন্দ্রিক নিরাপত্তায় মোতায়েন থাকবে। সংশ্লিষ্ট থানার মোবাইল টিম র্যালির সামনে ও পেছনে থাকবে।
নিয়াজ মেহেদী বলেন, ডিএমপির সব ঊর্ধ্বতন কর্মকর্তা সরেজমিনে মাঠে থেকে নিজ নিজ অধিক্ষেত্রের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন। নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল এবং ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ডিএমপির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



