down of head

ফ্রেশ স্যানিটারিওয়্যারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (এমসিআইএল) ব্র্যান্ড ফ্রেশ স্যানিটারিওয়্যার ২২ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

‘নিখুঁত, নির্মল, ফ্রেশ’ ট্যাগলাইন নিয়ে বাজারে আসা ফ্রেশ স্যানিটারিওয়্যারে থাকছে অধিকতর হোয়াইটনেস, যা পণ্যকে টেকসইভাবে উজ্জ্বলতা নিশ্চিত করবে। এতে ব্যবহার করা হয়েছে উন্নত গ্লস, যা পণ্যের মসৃণ ফিনিশিং নিশ্চিত করবে। পাশাপাশি এর গ্লেজ হার্ডনেস পণ্যের স্থায়িত্ব নিশ্চিত করবে।

২০২১ সালে যাত্রা শুরুর পর পাঁচ বছরের সাফল্যে ফ্রেশ সিরামিকস দেশের সিরামিকস খাতে একটি শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। এই সাফল্য ও গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি এবার ফ্রেশ স্যানিটারিওয়্যার নিয়ে বাজারে এসেছে।

এর আগে নারায়ণগঞ্জের আষাঢ়িয়ারচরে এমসিআইএলের কারখানায় ফ্রেশ স্যানিটারিওয়্যারের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। এমজিআইয়ের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল পণ্যগুলোর আনুষ্ঠানিক উন্মোচন করেন। এ সময় এমজিআইয়ের ভাইস চেয়ারম্যান বিউটি আক্তার, ডিরেক্টর তাহমিনা মোস্তফা, তানজিমা মোস্তফা, তানভীর মোস্তফা এবং এমসিআইএলের সিওও এ কে এম জিয়াউল ইসলাম উপস্থিত ছিলেন।

ফ্রেশ স্যানিটারিওয়্যারের বাজারে প্রবেশ প্রসঙ্গে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল বলেন, নির্মাণসামগ্রী খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সুনামের পাশাপাশি সিরামিক টাইলস আমরা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিয়ে তাদের আস্থা অর্জন করেছি। সেই অভিজ্ঞতা ও আস্থার ভিত্তিতেই ফ্রেশ সিরামিকসের পর এবার আমরা বাজারে নিয়ে এসেছি ফ্রেশ স্যানিটারিওয়্যার। গুণগত মান, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং গ্রাহকদের আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ফ্রেশ স্যানিটারিওয়্যারকে এ খাতের একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।

স্যানিটারিওয়্যার ব্যবসায় প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করেছে এমসিআইএল। কারখানাটিতে মাসে প্রায় ৬০ হাজার পিস স্যানিটারিওয়্যার উৎপাদনের সক্ষমতা রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ৬০০-এর বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

প্রাথমিকভাবে ফ্রেশ স্যানিটারিওয়্যার ছয়টি পেডেস্টাল বেসিন, দুটি ওয়ান পিস ওয়াটার কমোড, তিনটি টু পিস ওয়াটার কমোড এবং তিনটি স্কোয়াটিং প্যান নিয়ে বাজারে এসেছে। পণ্যগুলোতে উন্নতমানের গ্লেজ উপকরণ, উচ্চমানের ফিনিশিং এবং আধুনিক উৎপাদন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। শুরুতে সাদা রঙের পণ্য বাজারে আনা হয়েছে। ভবিষ্যতে গ্রাহকের চাহিদা অনুযায়ী বিভিন্ন রঙ ও নতুন ডিজাইনের পণ্য যুক্ত করা হবে।

বর্তমানে ফ্রেশ স্যানিটারিওয়্যার উৎপাদনে ১০০ শতাংশ আমদানিকৃত কাঁচামাল ব্যবহার করা হচ্ছে। থাইল্যান্ড, মালয়েশিয়া, মিশর, ভারত, জার্মানি ও চীন থেকে এসব কাঁচামাল সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে টেবিল টপ বেসিন ও ইউরিনালসহ আরও বিভিন্ন ধরনের স্যানিটারিওয়্যার পণ্য যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

ডিরেক্টর তানজিমা মোস্তাফা বলেন, নির্মাণসামগ্রীর বাজারে ক্রমাগত পরিবর্তন আসছে। গ্রাহকরাও এখন পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি মান ও নির্ভরযোগ্যতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। গ্রাহকদের এই চাহিদা পূরণে আমরা স্যানিটারিওয়্যার খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছি। মানসম্মত সিরামিক পণ্য, আধুনিক নকশা ও কর্মদক্ষতার সমন্বয়ে ফ্রেশ স্যানিটারিওয়্যার গ্রাহকদের কাছে সরবরাহের মাধ্যমে আমরা এই খাতে আমাদের অবস্থান আরও শক্তিশালী করতে চাই। আধুনিক বাড়ি ও ভবনের জন্য প্রয়োজনীয় স্যানিটারিওয়্যার পণ্য ও সমাধান গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

উল্লেখ্য, সিরামিকসের পাশাপাশি এমজিআইয়ের নির্মাণসামগ্রীর পোর্টফোলিওতে রয়েছে সিমেন্ট, স্টিল, ইট ও ব্লক এবং নির্মাণকাজে ব্যবহৃত পাথর।

সম্পর্কিত খবর