ডিলারদের অর্থ অনলাইনে আদায়ে টিসিবি-সোনালী ব্যাংক চুক্তি
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলারদের কাছ থেকে অর্থ আদায় আরও সহজ ও দ্রুত করতে সোনালী ব্যাংক পিএলসির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
সোমবার (১৭ আগস্ট) টিসিবির প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পক্ষে জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম এবং টিসিবির পক্ষে অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. রবিউল মোর্শেদ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় সোনালী ব্যাংকের সব শাখা ও উপশাখা এবং অনলাইন সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে টিসিবির ডিলারদের কাছ থেকে অর্থ আদায় করা যাবে।
চুক্তি স্বাক্ষর শেষে সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম এবং টিসিবির পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. আবেদ আলী (যুগ্মসচিব) পরস্পরের কাছে চুক্তিপত্র হস্তান্তর করেন।
অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আসলাম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



