রাজস্বের নীতি নির্ধারণকে ‘আমলামুক্ত’ করা হবে

রাজস্ব আদায়ে নীতি নির্ধারণ ও বাস্তবায়ন আলাদা করা হবে জানিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, এনবিআর রাজস্ব আদায়ের ক্ষেত্রে নীতি নির্ধারণ এবং বাস্তবায়ন দুটোকে আলাদা করে, নীতি নির্ধারণকে ‘পুরোপুরি আমলাতন্ত্র’ মুক্ত করে এই বিষয়ক বিশেষজ্ঞদের নিয়ে এই নীতি নির্ধারণী জায়গা তৈরি করা হবে।

আজ(২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বাংলাদেশে রাজস্ব আদায়ের অন্যতম সংকটের উৎস রাজস্ব নীতির জায়গায় বলেও উল্লেখ করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনে প্রস্তাবিত বাজেটে করজাল বাড়ানোর উদ্যোগ মুদি দোকানদার বা কাঁচাবাজার পর্যন্ত যাবে কিনা- সে বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, করের হার ওপরের দিকে বাড়ানো হয়নি; বরং ‘যৌক্তিকভাবে’ করজাল বাড়ানো হয়েছে।

করজাল বাড়ানোর পক্ষে যুক্তি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে যাতে দক্ষতার সঙ্গে কর আদায় করা যায়, তার জন্য ফ্ল্যাট রেটে সামর্থ্য অনুযায়ী এটা নির্ধারণ করা হবে।

কর ফাঁকি ঠেকাতে এনবিআর অটোমেশনের কথা উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, উদ্বেগ নিঃসন্দেহে আমাদের প্রকাশ করতে হবে। কেননা জনগণকে আমাদের স্বস্তিও দিতে হবে।

সম্পর্কিত খবর