আগে সংস্কার প্রয়োজন : ইইউ রাষ্ট্রদূত
সংসদ নির্বাচন কবে হবে, সেই সিদ্ধান্ত বাংলাদেশের। তবে নির্বাচনের আগে প্রয়োজন সংস্কারগুলো সম্পন্ন করা। নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো চাপ নেই।
সোমবার (৫ মে) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এক অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এসব কথা বলেন।
অন্য এক প্রশ্নে মাইকেল মিলার বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহত হওয়ার ঘটনায় দোষী ব্যক্তিদের বিচারে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
রাখাইনে মানবিক করিডর নিয়ে মন্তব্য জানতে চাইলে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, উভয় পাশেই ভুক্তভোগীদের জন্য মানবিক সহায়তা প্রয়োজন। সবাই যেন সমানভাবে ত্রাণসহায়তা পায়, সেটা নিশ্চিত করতে হবে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইইউতে পাচার হওয়া অর্থ যদি বর্তমান সরকার ফেরত আনতে চায়, তবে এ নিয়ে রাষ্ট্রগুলোর সঙ্গে যথাযথ তথ্য–উপাত্ত নিয়ে যোগাযোগ করতে হবে।
ডিকাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।



