down of head

খিলগাঁওয়ে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁও উত্তর গোড়ান এলাকা থেকে হাত-পা বাঁধা ও তোশক দিয়ে মোড়ানো অবস্থায় রুবেল (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবককে কুপিয়ে হত্যার পর দুর্বৃত্তরা চটের বস্তা ও তোশক দিয়ে মুড়িয়ে রাস্তার পাশে একটি গলিতে ফেলে রেখে গেছে বলে পুলিশের ধারনা।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহত যুবক খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় স্ত্রীসহ থাকতেন। তার বাবার নাম মৃত আব্দুল ওহাব। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবিনগর থানার গোপালপুর গ্রামে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালের দিকে সংবাদ পেয়ে উত্তর গোড়ান আইসক্রিম ফ্যাক্টরির একটি গলি থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ওই যুবকের হাত-পা বাঁধা এবং চটের বস্তা ও তোশক দিয়ে পেঁচানো অবস্থায় ছিল। এছাড়া মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে ওই যুবককে কুপিয়ে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি একটি সরু গলিতে ফেলে রেখে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এন এস

সম্পর্কিত খবর