down of head

নিখোঁজের ৯ ঘণ্টা পর খাল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

আমতলী সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রামে নিখোঁজ হওয়ার ৯ ঘণ্টা পর খাল থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ওই গৃহবধূর নাম হোসনে আরা (৪০), তিনি ওই গ্রামের হারুন গাজীর স্ত্রী। তাদের এক পুত্রসন্তান রয়েছে। বিয়ের পর হোসনে আরা তার বাবার বাড়িতে থাকতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত হোসনে আরা মঙ্গলবার সকাল ১০ টার দিকে বাড়ি থেকে বের হন। এর পর তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। বুধবার সকালে স্থানীয়রা টিয়াখালী গ্রামের কাটাখালী ভাড়ানীর খালে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ছোবহান গাজীর বাড়ির সামনে খাল থেকে সকাল ৮ টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

আমতলী থানার এসআই মো. আশরাফ আলী জানান, নিহত হোসনে আরার শরীরে এবং গলার নিচে আঘাতের চিহ্ন রয়েছে।

হোসনে আরার মা জামিলা খাতুন অভিযোগ করে বলেন, আমার মেয়েকে শত্রুতা করে কেউ হত্যা করে খালে ফেলে রেখেছে। আমি এ ঘটনার বিচার চাই।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন তপু জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনায় পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, সে বিষয়ে তদন্ত চলছে।

এন এস

সম্পর্কিত খবর