গাজায় ইসরায়েলি হামলায় নিহত কয়েক ডজন

ফিলিস্তিনের গাজায় রাতভর ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন কয়েক ডজন ফিলিস্তিনি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সির বরাতে খবর প্রকাশ করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। স্থানীয় সময় বুধবার দুপুরে এ তথ্য প্রকাশ করে গণমাধ্যমটি।

ওয়াফা জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চলে কয়েক ডজন হতাহতের শিকার হয়েছে। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে নিহত হয়েছেন চার জন। এছাড়া তেল আবিবের বোমা হামলায় সেখানের বেশ কয়েকটি বসতবাড়ি ধ্বংসের খবরও জানানো হয়েছে।

অন্যদিকে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর সংঘর্ষে আরো দুই জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

এমন পরিস্থিতিতে রাফায় হামলা জোরদার করার পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে রমজানের আগেই গাজায় একটি যুদ্ধবিরতির জোর চেষ্টা চালায় যুক্তরাষ্ট্র। এখনো যুদ্ধবিরতির কোনো আলোচনা অগ্রসর হয়নি। কাতার বলছে, যুদ্ধবিরতির মাধ্যমে বন্দি এবং জিম্মি বিনিময়ে ঐক্যমতে পৌঁছতে পারেনি হামাস এবং ইসরায়েল।

উল্লেখ্য, ৭ অক্টোবর হামাসের হামলার পর গত পাঁচ মাসে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় নিহত হয়েছেন ৩১ হাজার ১৮৪ ফিলিস্তিনি। আহত হয়েছেন আরো ৭২ হাজার ৮৮৯। জাতিসংঘের মতে হতাহতের বেশির ভাগ নারী ও শিশু।

সম্পর্কিত খবর