শিরোনাম
down of head

কুমিল্লায় কিশোর হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ডের আদেশ

কুমিল্লায় সিএনজি চালিত অটোরিকশা চালক নাজমুল হাসান (১৪) হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড এবং একজনের সাত বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা চতুর্থ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের সুমন মিয়া (২৬), শিহাব মিয়া (২০), একই উপজেলার নয়কামতা গ্রামের সোহেল মিয়া (২৮) এবং সাত বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত আসামি হলেন ওই উপজেলার আবুল বাশার (৩৮) ।

রায় ঘোষণার সময় আসামি সুমন মিয়া, সোহেল মিয়া ও আবুল বাশার আদালতে উপস্থিত থাকলেও শিহাব মিয়া অনুপস্থিত ছিলেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি এডভোকেট জাকির হোসেন। তিনি জানান, ২০১৪ সালের ১৭ অক্টোবর বিকেলে মো. নাজমুল হাসান সিএনজি চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এসময় অজ্ঞাতনামা তিন জন তাকে অপহরণ করেন। পরদিন ১৮ অক্টোবর নাজমুল হাসানের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত অটোরিকশা চালক নাজমুল হাসানের বাবা মো আবদুর রব বাদী হয়ে তিনজনকে আসামি করে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামি সুমন মিয়া ও আবুল বাশারকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। গ্রেপ্তার দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার তদন্ত কর্মকর্তা বুড়িচং থানার এসআই নজরুল ইসলাম ২০১৫ সালের ৮ এপ্রিল চার্জশিট দাখিল করেন। ২০১৬ সালের ১০ অক্টোবর আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন করেন। রাষ্ট্রপক্ষের ১১জন সাক্ষ্য ও যুক্তিতর্ক শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

সম্পর্কিত খবর