শিরোনাম
down of head

এখনও জ্বলছে এস আলম সুগার মিলের আগুন

অগ্নিকাণ্ডের ৪২ ঘণ্টার বেশি সময় পার হয়ে গেলেও এখনও জ্বলছে চট্টগ্রামের এস আলম সুগার মিলের আগুন। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের একাধিক টিম।

বুধবার সকালেও আগুন জ্বলতে দেখা গেছে। সোমবার বিকেলে আগুন লাগলে রাতে আগুন নিয়ন্ত্রণের কথা জানিয়েছিল ফায়ার সার্ভিস। কিন্তু মঙ্গলবার সকাল থেকে সুগার মিলের ভেতরে আবারও দাউ দাউ করে জ্বলতে শুরু করে আগুন।

চিনি তৈরির কাঁচামালগুলো দাহ্য পদার্থ হওয়ায় সেগুলো না সরানো পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এই আগুন সম্পূর্ণ নিভিয়ে আনতে আরও ১ থেকে ২ দিন লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। গোডাউনের ভেতরের তাপমাত্রা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা ঢুকতে পারছেন না।

গোডাউনের ভেতরের আগুন এবং ধোঁয়ার কারণে আশপাশের পরিবেশ দুষিত হচ্ছে। চিনির কাঁচা রাসায়নিকের গলিত পোড়া বর্জ্য কারখানার ড্রেন দিয়ে সোজা গিয়ে পড়ছে কর্ণফুলিত নদীতে। এতে করে পরিবেশ দূষণের আশঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসী। আর অপরিশোধিত চিনির ধোঁয়ায় উপস্থিত লোকজনের চোখ জ্বলছে, ছড়াচ্ছে গন্ধও।

গত সোমবার বিকেল ৪টার দিকে চট্টগ্রামের এস আলম সুগার মিলের একটি গুদামে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট এই আগুন নেভাতে কাজ করে। এরপর আগুন একবার নিয়ন্ত্রণে আসলেও পরে আবার বেড়ে যায়।

সম্পর্কিত খবর