বললেন আইজিপি
‘সরকারি নির্দেশনা অনুযায়ী সীমান্তে কাজ করছে পুলিশ’
ঘুমধুম সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সরকারি নির্দেশনা অনুযায়ী পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।তিনি বলেন, ‘পুলিশ সদস্যরা দেশ ও জনগণের নিরাপত্তায় দায়িত্ব পালনে কখনো কুণ্ঠাবোধ করে না। তারা আগামীতেও কর্তব্যে অবিচল থেকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে অঙ্গীকারাবদ্ধ।’
মঙ্গলবার দুপুরে গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে গুরুতর আহত রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্য রাজ্জাককে দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এ কথা বলেন। ভারতে উন্নত চিকিৎসা শেষে রাজ্জাককে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশ, বিজিবি ও প্রশাসন সবাই মিলে সরকারের নির্দেশনার আলোকে দায়িত্ব পালন করছে। বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য প্রস্তুত আছে দেশের প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য। আইজিপি বলেন, মর্টার শেল নিক্ষেপে বাংলাদেশী নিহত হওয়ার ঘটনায় আমরা একটা মামলা নিয়েছি। মামলার আসামি অজ্ঞাত। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এ সময় পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
