২৪ ঘণ্টায় নিহত ১৬৫ ফিলিস্তিনি, আহত প্রায় ৩০০
ফিলিস্তিনের গাজা উপত্যকায় শেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ১৬৫ ফিলিস্তিনি। এছাড়া মারাত্মকভাবে আহত হয়েছেন আরো ২৯০ জন। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সময় সোমবার এ খবর প্রকাশ করেছে তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ১৯ টি পরিবারে গণহত্যা চালিয়েছে দখলদার ইসরায়েল। এছাড়া আইডিএফের অবরোধের ফলে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ফলে এখনও অনেক আহত ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
জাতিসংঘের সর্বোচ্চ আদালতের রায় ঘোষণার পরেও গাজায় ধ্বংসজজ্ঞ অব্যাহত রেখেছে তেল আবিব। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের আকাশ ও স্থল হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৬ হাজার ৪২২ ফিলিস্তিনি। যাদের বেশির ভাগই নারী এবং শিশু। এছাড়া তাদের হামলায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৮৭ জনে। জাতিসংঘ বলছে, গাজায় ইসরায়েলি অবরোধের ফলে খাদ্য, ওষুধ ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে রয়েছেন অন্তত ৮৫ শতাংশ বাসিন্দা।
অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন এক হাজার ২০০ ইসরায়েলি। এদের মধ্যে বেশ কয়েকজন সেনাসদস্য রয়েছে বলেও জানা গেছে।



