সৈকতে নেমেই বোনের সামনে ভাইয়ের মৃত্যু
কুয়াকাটা সমুদ্র সৈকতে ভাঙন ঠেকাতে ব্যবহৃত জিও টিউবের মাঝখানে থাকা পানির গর্তে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে সৈকতের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে বড় বোনসহ নিকটাত্মীয়রা ছিলেন।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ও মহিপুর থানা পুলিশ জানায়, দশম শ্রেণির ছাত্র নিহত পর্যটক কিশোর নাহিয়ান মাহাদি নাফি ঢাকার বংশাল থেকে বড় বোন এবং মামা-খালাসহ ২৩ সদস্যের বহরের সঙ্গে শুক্রবার সকালে কুয়াকাটা বেড়াতে আসেন। দুপুরের দিকে সৈকতে এসে পানিতে নামেন। সাঁতার না জানা ওই কিশোর সমুদ্রের ভাঙন ঠেকাতে ব্যবহৃত দুটি জিও টিউবের মাঝখানে গর্তে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও তুফানের পানিতে কিছুটা ব্যাহত হয়। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের ডা. সৈয়দ আশিকুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
নাহিয়ান মাহাদি নাফির বড় বোন নামিরা জাহান ঐশি জানিয়েছেন, কুয়াকাটা সৈকতে ব্যবহৃত জিও টিউবের গর্তে পড়ে তার ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। তবে ওই কিশোর সাঁতার জানে না বলেও জানিয়েছেন তিনি।
মহিপুর থানার ওসি মো. আবুল খায়ের পর্যটক কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



