প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ বাল্যবিয়ে
চট্টগ্রামের রাউজানে দশম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করেছেন রাউজান উপজেলা প্রশাসন। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদারের হস্তক্ষেপে কমিউনিটি সেন্টারে আয়োজিত বিয়ের অনুষ্ঠান বন্ধ করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার গায়ে হলুদ শেষে গতকাল হলদিয়া ইউনিয়নের মুহাম্মদীয়া কমিউনিটি পার্ক নামক কমিউনিটি সেন্টারে হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্রাসার দশম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা গ্রামের মোহাম্মদ জাফর আলমের প্রবাসী ছেলে মোহাম্মদ জমশেদুল আলমের (সাইমন) বিয়ের আয়োজন করা হয়। সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা বাল্যবিবাহ বন্ধ করেন।
হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেন, আমার ইউনিয়নে বাল্যবিবাহের আয়োজন হচ্ছে আমি জানতাম না। এমনকি ওই ওয়ার্ডের ইউপি সদস্যও জানতেন না। ইউএনও মহোদয়ের হস্তক্ষেপে ১৮ বছরের আগে বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা নেওয়া হয়।
