সাকিবের স্বর্ণ বিক্রি করবে কিউরিয়াস

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবার এসেছেন স্বর্ণের ব্যবসায়। তার প্রতিষ্ঠান রিলায়েবল কমোডিটিজ এক্সচেঞ্জ কোম্পানি নতুন উদ্যোগের অংশ হিসেবে ‘সুইজারল্যান্ডে তৈরি ২৪কে মিন্টেড স্বর্ণবার’ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছেন।

এখন থেকে বাংলাদেশের বাজারে সুইজারল্যান্ডে তৈরি এই ২৪কে স্বর্ণবার বিভিন্ন ক্যাটাগরিতে (যেমন ১ গ্রাম থেকে ১০০ গ্রাম) পাওয়া যাবে। সাকিব আল হাসানের রিলায়েবল কমোডিটিজ এক্সচেঞ্জ কোম্পানির এই উদ্যোগের সঙ্গে যৌথভাবে রয়েছে বাংলাদেশের দ্রুত বর্ধনশীল লাইফস্টাইল ব্র্যান্ড কিউরিয়াসৎ। কিউরিয়াস’র ব্যবস্থাপনা পরিচালক কল্পন এস হোসাইন প্রতিষ্ঠানটির বনানী আউটলেটে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া এই ২৪কে স্বর্ণবার ৯৯.৯৯ শতাংশ বিশুদ্ধ যা সুইজারল্যান্ডে তৈরি করা হয়েছে। ২৪কে সোনার বারগুলো বিশ্বজুড়ে সুপরিচিত এবং সঞ্চয়, বিনিয়োগ এবং লাভজনক পণ্য হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য। একইসঙ্গে উৎকৃষ্ট উপহার সামগ্রী হিসাবেও এটি মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। এছাড়া এই স্বর্ণবার সারা বিশ্বেই নগদে পরিশোধযোগ্য।

নিজের নতুন এই উদ্যোগের কথা বলার সময় উচ্ছ্বাস প্রকাশ করেছেন রিলায়েবল কমোডিটি এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান সাকিব আল হাসান। তিনি বলেন, ‘আমাদের দেশে এক সময় বিভিন্ন উৎসব বা আনন্দের মুহূর্তে সোনা উপহার দেওয়ার রেওয়াজ ছিল। কিন্তু সময়ের সাথে সাথে এবং সোনার দাম বৃদ্ধির কারণে তা বদলে গেছে। সঠিক গুণমান নিশ্চিত করে সমাজের প্রতিটি মানুষের কাছে স্বর্ণ সহজলভ্য করতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমরা এই ব্যবস্থা করেছি।’

ডেকো লিগ্যাসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কল্পন এস হোসাইন বলেন, ‘সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে নতুন এই পণ্যটি আনতে পেরে বাংলাদেশের দ্রুত বর্ধনশীল লাইফস্টাইল ব্র্যান্ড কিউরিয়াস অত্যন্ত আনন্দিত। কারণ সাকিব আল হাসান নিজেই কোয়ালিটি বা মানদণ্ডের সমার্থক।’

তিনি আরও বলেন, ‘যখন আমরা কাউকে সোনার অলঙ্কার উপহার দেই, তখন সেই ব্যক্তি তা সবসময় তা পছন্দ করেন না বা সেই উপহার তার প্রয়োজন পূরণ করতে পারে না এবং এর ফলে শেষপর্যন্ত তা অব্যবহৃত থেকে যায়। আর আমাদের এই সোনার বার মূলত সেই জায়গাতেই মানুষকে অনেকটাই স্বস্তি এনে দেবে। যে কেউ নিজের পছন্দ ও ডিজাইন অনুযায়ী নিজের অলঙ্কার তৈরি করে নিতে পারবেন।’

সম্পর্কিত খবর