৫ ব্রোকারেজ হাউসকে ডিএসইর ফিক্স সার্টিফিকেশন

এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালুর লক্ষ্যে আরও পাঁচটি ব্রোকারেজ হাউসকে ফিক্স (FIX) সার্টিফিকেশন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি।

সার্টিফিকেশন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো—এম্পেরর সিকিউরিটিজ অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড, গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেড, মো. ফখরুল ইসলাম সিকিউরিটিজ লিমিটেড, এসআইবিএল সিকিউরিটিজ লিমিটেড এবং স্টক অ্যান্ড বন্ড লিমিটেড।

বুধবার (১২ আগস্ট) ডিএসইর বোর্ড রুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ফিক্স সার্টিফিকেশন তুলে দেন ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মো. আসিফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ডিএসইর ভারপ্রাপ্ত প্রধান আর্থিক কর্মকর্তা ও মহাব্যবস্থাপক (মার্কেট ডেভেলপমেন্ট) সাইয়িদ মাহমুদ জুবায়ের, উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান, জিশান মুহাম্মদ বিন হাসানসহ ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিএসই সূত্রে জানা গেছে, ২০২০ সাল থেকে এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) ভিত্তিক ব্রোকারেজ হাউস অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (BHOMS) চালুর উদ্যোগ নেয় ডিএসই। এরই ধারাবাহিকতায় নাসডাক ম্যাচিং ইঞ্জিনে এপিআই সংযোগ নিয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেনের জন্য ৯৩টি ব্রোকারেজ হাউস ডিএসইতে আবেদন করে।

সর্বশেষ পাঁচটি প্রতিষ্ঠানসহ এ পর্যন্ত মোট ৬৬টি ব্রোকারেজ হাউসকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ডিএসই। এর মধ্যে ৫৬টি ব্রোকারেজ হাউস সার্টিফিকেশন পাওয়ার পর এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে।

ডিএসইর এ উদ্যোগের ফলে ব্রোকারেজ হাউসগুলো নিজস্ব প্রযুক্তি ব্যবস্থার মাধ্যমে আরও কার্যকরভাবে শেয়ার লেনদেন পরিচালনা করতে পারবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সম্পর্কিত খবর