টেক্সওয়ার্ল্ড প্যারিসে অংশ নিচ্ছে ১৭ প্রতিষ্ঠান
বৈশ্বিক বাজারে বাংলাদেশের টেক্সটাইল ও ফ্যাশনপণ্যের নতুন ক্রেতা তৈরি এবং সর্বশেষ ট্রেন্ডের পণ্য আন্তর্জাতিক ক্রেতাদের সামনে তুলে ধরতে টেক্সওয়ার্ল্ড প্যারিস ২০২৬-এ অংশ নিচ্ছে বাংলাদেশের ১৭টি প্রতিষ্ঠান।
ফ্রান্সে হতে যাওয়া আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের মাধ্যমে নতুন ব্যবসায়িক সংযোগ তৈরির পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের অবস্থান আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ইউরোপের অন্যতম শীর্ষস্থানীয় টেক্সটাইল, পোশাক ও চামড়াজাত শিল্পের বাণিজ্য মেলা টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্যারিস লে বুরজে অনুষ্ঠিত হবে। মেলায় বিশ্বের বিভিন্ন দেশের টেক্সটাইল ও ফ্যাশন শিল্পের প্রস্তুতকারক, সরবরাহকারী এবং পেশাদার ক্রেতারা অংশগ্রহণ করবেন।
টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিসের ৫৯তম আসরে প্রায় ৩৫টি দেশের প্রায় এক হাজার ৩০০ জন প্রস্তুতকারক অংশগ্রহণ করবেন। আন্তর্জাতিক ক্রেতাদের জন্য মেলায় বিভিন্ন ধরনের কাপড়, পোশাক, অ্যাক্সেসরিজ এবং উদ্ভাবনী টেক্সটাইল পণ্যের বিস্তৃত পরিসর প্রদর্শিত হবে। এই মেলা বাংলাদেশের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর জন্য নিজেদের পণ্য আন্তর্জাতিক বাজারে উপস্থাপন, বৈশ্বিক ক্রেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং নতুন ব্যবসায়িক ও সোর্সিং অংশীদারিত্বের সুযোগ অন্বেষণের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
প্রদর্শনীতে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, চীন, ভারত, তুরস্ক, মিয়ানমার, দক্ষিণ কোরিয়া, জাপান ও ইতালিসহ গুরুত্বপূর্ণ বাজারগুলো অংশগ্রহণ করবে। এর মাধ্যমে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক সোর্সিং হাব হিসেবে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।
আসন্ন প্রদর্শনীতে বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক খাতের প্রতিনিধিত্ব করে মোট ১৭টি বাংলাদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এর মধ্যে হুরাইন হাই টেক, এনজেড ডেনিম ও এনজেড ফ্যাব্রিক টেক্সওয়ার্ল্ডে অংশগ্রহণ করছে এবং নেক্সজেন অ্যাপারেল ও এইচ অ্যান্ড এফ ফ্যাশন অ্যাপারেল সোর্সিং অংশগ্রহণ করবে।
এছাড়াও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্যাভিলিয়নের অধীনে আরও ১২টি বাংলাদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। প্রতিষ্ঠানগুলো হলো কমোডা গার্মেন্টস, স্কাইলার্ক নিট কম্পোজিট, নরবান কমটেক্স, ওয়ার্পটেক্স, বিএনএম গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ফ্যাবিটেক্স ইন্ডাস্ট্রিজ, ডিকে টেক্সটাইল, ফ্যাব্রিকা নিট কম্পোজিট, ডুকাটি অ্যাপারেলস, কোরাস ফ্যাশন, বেঙ্গল গ্লোরি এবং এসআইএম ফ্যাব্রিকস।
আন্তর্জাতিক টেক্সটাইল ও পোশাক বাজারে বাংলাদেশের ধারাবাহিক সম্পৃক্ততার প্রতিফলন হিসেবে এবারের প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই অংশগ্রহণ দেশীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের পণ্য ও সক্ষমতা আন্তর্জাতিক ক্রেতাদের কাছে তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ তৈরি এবং নতুন সোর্সিং ও বাণিজ্যিক সুযোগ অনুসন্ধানের সুযোগ করে দেবে।


