সাইফ পাওয়ার ও ইন্ট্রাকোর স্টক লভ্যাংশ অনুমোদন
সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত স্টক লভ্যাংশে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। কোম্পানি দুটি এ মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) জানিয়েছে।
সাইফ পাওয়ারটেক: ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য মোট ১৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে সাইফ পাওয়ারটেক। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও বাকি ৬ শতাংশ স্টক লভ্যাংশ। এ স্টক লভ্যাংশ বিতরণের আগে বিএসইসির কাছে অনুমোদনের জন্য আবেদন করে কোম্পানিটি। সংস্থাটির কাছ থেকে অনুমোদন পাওয়ার পর লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট ধার্য করা হয়েছে ২৮ ফেব্রুয়ারি।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৫ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৭ টাকা ১১ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১৬ টাকা ৬৩ পয়সা।
ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন: ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডাররা পেয়েছেন ২ শতাংশ নগদ লভ্যাংশ। আর সব ধরনের শেয়ারহোল্ডারের জন্য ৮ শতাংশ স্টক লভ্যাংশ। এ স্টক লভ্যাংশ বিতরণে বিএসইসির অনুমোদন পেয়েছে কোম্পানিটি। এ লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১ মার্চ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৮১ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৫২ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ১২ টাকা ১৭ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১২ টাকা ২৮ পয়সা।


