নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার

দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে সরকার বেশকিছু পদক্ষেপ নিয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল রংপুরে ‘অপু মুনশি মেমোরিয়াল ট্রাস্ট’ এবং ‘রোটারি ক্লাব অব উত্তরার উদ্যোগে রংপুর সার্কিট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এমনটা জানান মন্ত্রী।

রোটারি ক্লাব অব উত্তরার প্রেসিডেন্ট জুলহাস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আসিফ আহসান, উপপুলিশ কমিশনার (ক্রাইম) মারুফ হাসান, রংপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. বিমল চন্দ্র রায়।

এ সময় মন্ত্রী বলেন, ভোক্তা যাতে প্রতারিত না হন, সেজন্য সর্বাধিক গুরুত্ব দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। ভোজ্যতেল, ডাল, চিনি, পেঁয়াজের মতো আমদানিনির্ভর পণ্য যাতে সঠিক মূল্যে বিক্রি হয়, সেজন্য সরকার নজরদারি জোরদার করেছে। এখন থেকে ট্যারিফ কমিশন নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এসব পণ্য বিক্রি করলে ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী আরো জানান, দেশে পর্যাপ্ত আলু উৎপাদিত হচ্ছে। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আলু রফতানি বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে। দেশে রফতানি আয় দিন দিন বাড়ছে। এ বছর ৫ হাজার ১০০ কোটি ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আলু রফতানি থেকে আয় রফতানি খাতে অবদান রাখবে। সরকার আলু উৎপাদন, ব্যবহার ও রফতানি বিষয়ে সজাগ রয়েছে।

এর আগে বাণিজ্যমন্ত্রী ‘অপু মুনশি মেমোরিয়াল ট্রাস্ট’-এর ক্যান্সার হাসপাতাল নির্মাণকাজ পরিদর্শন করেন। তিনি বলেন, রংপুর অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করতে বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে রংপুরে ক্যান্সার হাসপাতাল নির্মাণ এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসা সেবার মান বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া অপু মুনশি মেমোরিয়াল ট্রাস্ট রংপুরে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে ৫০ শয্যার ক্যান্সার হাসপাতাল প্রকল্প-রংপুর বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে। এতে সহযোগিতা দিচ্ছে ঢাকার রোটারি ক্লাব উত্তরা। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতও এগিয়ে এসেছে।

সম্পর্কিত খবর