রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর রাজারবাগের জোড়া মসজিদ গলি এলাকায় একটি নির্মাণাধীন ভবনের নয়তলা থেকে পড়ে ইহসানুল ইসলাম (২০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী ও চাচাতো ভাই রাশেদুল ইসলাম জানান, ইহসানুল ইসলামসহ তারা কয়েকজন নির্মাণাধীন ১০ তলা ভবনের নয়তলার সিঁড়ির পাশ থেকে কাঠ সরাচ্ছিলেন। এসময় সিঁড়ি দিয়ে নিচে পড়ে যান ইহসানুল। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইহসানুল ইসলাম কুড়িগ্রামের সদর উপজেলার কাচিচর গ্রামের খয়বর আলীর সন্তান। কর্মসূত্রে ওই নির্মাণাধীন ভবনে থাকতেন তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



