পোশাক শ্রমিকদের জন্য বিকাশ অ্যাকাউন্ট দিয়ে বিশেষ পলিসি সেবা
পোশাক খাতের শ্রমিকদের বীমা সেবার আওতায় আনার লক্ষ্যে বিকাশের মাধ্যমে প্রথমবারের মতো স্বাস্থ্য, সঞ্চয় ও জীবন বীমার সুবিধা নিয়ে বিশেষ ইন্স্যুরেন্স পলিসি চালু করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স। এখন থেকে কারখানা প্রাঙ্গণে বিকাশ অ্যাকাউন্ট দিয়ে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ‘আস্থা’ ও ‘বন্ধু’ পলিসি দুটি নিতে পারবেন শ্রমিকরা।
সম্প্রতি গাজীপুরের তুরাগ গার্মেন্টস অ্যান্ড হোসিয়ারি মিলস লিমিটেড এবং মাছিহাতা সোয়েটার্স লিমিটেড কারখানা দুটিতে শ্রমিকদের পলিসি খোলার মাধ্যমে এ সেবার উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সিওও শামীম আহমেদ, বিকাশের সিসিও আলী আহম্মেদ, তুরাগ গার্মেন্টস অ্যান্ড হোসিয়ারী মিলস লিমিটেডের পরিচালক লে. কর্নেল খালিক-উল হাসান (অব.), মাছিহাতা সোয়েটার্স লিমিটেডের জেনারেল ম্যানেজার (অ্যাডমিন, এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স) মো. ফিরোজ কবির প্রধানসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রতিষ্ঠানের শ্রমিকরা তাদের কারখানা প্রাঙ্গণে অবস্থিত গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বুথে গিয়ে নিজ নিজ বিকাশ অ্যাকাউন্ট দিয়ে ৫ ও ১০ বছর মেয়াদি বীমা পলিসি ‘গার্ডিয়ান আস্থা’ গ্রহণ করতে পারবেন, যা ইন্টারেস্টসহ রিফান্ডেবল। শুধু তা-ই নয়, এ পলিসিতে মাসিক ৫০০ ও ১ হাজার টাকার প্রিমিয়াম পরিশোধ করে ২২ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ লাখ ৬ হাজার টাকা পর্যন্ত লাইফ কাভারেজ সুবিধাও নিশ্চিত করা হয়েছে।



