বিবিএস কেবলসের ১১ লাখ শেয়ার বিক্রি করবে বিবিএস
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিবিএস কেবলস লিমিটেডের আরো ১১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা এসেছে। কোম্পানিটির অন্যতম করপোরেট পরিচালক বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) লিমিটেড এসব শেয়ার বিক্রি করবে। বিদ্যমান বাজারদরে সিএসইর ব্লক মার্কেটের মাধ্যমে এসব শেয়ার বিক্রি করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, বিবিএসের কাছে বর্তমানে বিবিএস কেবলসের ২ কোটি ৮৪ লাখ ৪ হাজার ৫০০টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে ১১ লাখ শেয়ার বিক্রি করবে করপোরেট পরিচালক প্রতিষ্ঠানটি। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার বিক্রি সম্পন্ন করা হবে। এর আগে গত ৪ জানুয়ারি কোম্পানিটির ২৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করার কথা জানান বিবিএস।
২০১৭ সালে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির মোট শেয়ারের ৩২ দশমিক ৭৬ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা-পরিচালকের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮ দশমিক ৮৮ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ১৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৮ দশমিক ২১ শতাংশ শেয়ার রয়েছে।



