সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে আগুন, হতাহত ৮
ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দীনি-৩ নামে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় ৮ জন হতাহত হয়েছেন। কামরুল ইসলাম নামে জাহাজের এক সুকানী মারা গেছেন, আহত হয়েছেন অন্যান্য ৭ শ্রমিক। তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
জানা গেছে, আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে জাহাজের পাম্পরুম থেকে অকটেন খালি করার সময় পাইপের মধ্যে বিস্ফোরণ ঘটে। জাহাজের তলা ফেটে পানি ঢুকতে শুরু করে। এ সময় কক্ষটিতে আগুন ধরে যায়। এ সময় সুকানী কামরুল ইসলামসহ ৮ জন দগ্ধ হন। ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করে জাহাজে বহনকৃত তেল দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ দেন।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কোবাদ আলী সরদার জানান, এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিস্ফোরণে জাহাজের তলা ফেটে পানি ঢুকছে। জাহাজটি যাতে পানিতে ডুবে না যায়, সে চেষ্টা চলছে। ভেতরে থাকা জ্বালানি তেল খালাসের ব্যবস্থা করা হচ্ছে।


