১০ বছরের মধ্যে বিশ্বে খাবারের দাম সর্বোচ্চ : জাতিসংঘ
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, এক দশকের মধ্যে বিশ্বে খাবারের দাম সর্বোচ্চে পৌঁছেছে। গত বছরের তুলনায় ৩০ শতাংশ বৃদ্ধির ফলে এ রেকর্ড সর্বোচ্চ দাম বৃদ্ধির ঘটনা ঘটে। বিশেষ করে সংস্থাটির হিসাবে বিশ্ব জুড়ে সবচেয়ে বেশি দাম বেড়েছে খাদ্যশস্য ও ভোজ্য তেলের। গত অক্টোবরে ভোজ্য তেলের দাম ১০ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছে।
বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, দাম বাড়া কারণ হিসাবে বলা হচ্ছে সরবরাহ সমস্যা, নিত্যপণ্যের দাম বৃদ্ধি, কারখানা বন্ধ এবং বিভিন্ন দেশের রাজনৈতিক অস্থিরতা।
খাদ্য ও কৃষি সংস্থা বলছে, খাদ্যশস্যের দাম একবছর আগের তুলনায় ২২ শতাংশ বেড়েছে। দাম বাড়ায় বড় ভূমিকা রেখেছে গত ১২ মাসে গমের ৪০ শতাংশ দাম বৃদ্ধি। এর কারণ হিসাবে বলা হচ্ছে প্রধান রফতানিকারক দেশ কানাডা, রাশিয়া ও যুক্তরাষ্ট্রে শস্যটির আবাদ কম হয়েছে।
খাদ্যশস্য উৎপাদন কমে যাওয়ার পেছনে এফএও জলবায়ু পরিবর্তনকে দায়ী করছে। কৃষিপণ্যের ব্যবসা বিশেষজ্ঞ পিটার ব্যাট বিবিসিকে বলেন, বিশ্বজুড়েই জলবায়ু পরিবর্তনের প্রভাবে খাদ্যশস্যের উৎপাদন কমে যাচ্ছে। বিশ্বের অনেক জায়গায় আমরা কয়েক বছর খুব খারাপ সময় পার করছি।
খাদ্য ও কৃষি সংস্থা বলছে, পাম, সয়াবিন ও সরিষার দাম বৃদ্ধি পাওয়ায় ভোজ্য তেলের দাম বাড়ছে। উৎপাদন ব্যয় বাড়ার পেছনে শ্রমিক সংকটেরও দায় দেখছে জাতিসংঘের বিশেষায়িত সংস্থাটি।



