আজ থেকে অনির্দিষ্টকালের পণ্য পরিবহন ধর্মঘট
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বঙ্গবন্ধু ও মুক্তারপুর সেতুর টোল বাড়ানোর প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ট্যাংক-লরি প্রাইম মুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। গতকাল এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। এদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস ভাড়া বাড়ানোর জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে গতকাল একটি চিঠি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বিপরীতে গতকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার দেশে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর ঘোষণা দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এর আগে ২ নভেম্বর বঙ্গবন্ধু ও মুক্তারপুর সেতুর টোলহার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। জ্বালানি তেল ও টোল বৃদ্ধির প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন পণ্য পরিবহন মালিক-শ্রমিকরা।
গতকাল গণমাধ্যমে পাঠানো পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ নভেম্বর হঠাৎ করে বঙ্গবন্ধু ও মুক্তারপুর সেতুর টোল ৩০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। একদিন যেতে না যেতেই জ্বালানি তেলের দাম একলাফে বেড়েছে লিটারে ১৫ টাকা। করোনা মহামারীর প্রভাব কাটিয়ে সাধারণ পরিবহন মালিকরা যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, তখন এ ধরনের মূল্যবৃদ্ধি পরিবহন মালিকদের ব্যবসায় বাধা সৃষ্টি করছে। এ মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পণ্য পরিবহন মালিক-শ্রমিকরা ধর্মঘট কর্মসূচি গ্রহণ করলেও কেন্দ্রীয়ভাবে যাত্রীবাহী বাস চলাচলে এ ধরনের কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, আমরা কেন্দ্রীয়ভাবে বাস ধর্মঘটের কোনো কর্মসূচি গ্রহণ করিনি। জেলা পর্যায় থেকে যদি এ ধরনের সিদ্ধান্ত আসে, তাহলে সেখানে আমাদের করার কিছুই নেই। কোনো ধরনের পূর্ব ঘোষণা না দিয়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করায় পরিবহন মালিক-শ্রমিকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে এ সময় জানান তিনি।
ধর্মঘটের মতো কোনো কর্মসূচি না দিলেও এরই মধ্যে বিআরটিএ চেয়ারম্যান বরাবর বাস ভাড়া পুনর্নির্ধারণের আবেদন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ স্বাক্ষরিত আবেদনে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ দূরপাল্লার রুটে আট বছর ধরে বাসের ভাড়া বাড়ানো হয়নি। অথচ এ সময়ে গাড়ির চেসিস, টায়ার, টিউব, খুচরা যন্ত্রাংশের মূল্য ও শুল্ক এবং কর বাড়ানো হয়েছে। করোনার কারণে এরই মধ্যে অনেক মালিক দেউলিয়া হয়ে পড়েছেন। এমন অবস্থায় জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় মুনাফা তো দূরের কথা, তেলের দাম শোধ করাই কঠিন হয়ে যাবে। এসব বিষয় বিবেচনায় নিয়ে অবিলম্বে যৌক্তিক হারে বাস ভাড়া বৃদ্ধির আবেদন জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি।
বাস ভাড়া বৃদ্ধির এ আবেদন সম্পর্কে জানতে চাইলে বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, মালিকদের আবেদনটি আমরা পেয়েছি। এর পরিপ্রেক্ষিতে আগামী রোববার বেলা ১১টায় বিআরটিএর ভাড়া নির্ধারণী কমিটির সভা আহ্বান করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত এ সভায় গ্রহণ করা হবে।
এদিকে এরই মধ্যে বাসের ভাড়া বাড়িয়ে দেয়ার অভিযোগ করছেন যাত্রীরা। দিনাজপুর, রাজশাহী, নারায়ণগঞ্জ, খুলনাসহ দেশের বিভিন্ন স্থান থেকে বাসযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। রাজশাহী প্রতিনিধি জানিয়েছেন, গতকাল সকাল থেকেই অভ্যন্তরীণ ও আন্তঃজেলা রুটের কিছু বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে। পাশাপাশি তেলের বর্ধিত মূল্যের সঙ্গে বাস ভাড়া সমন্বয়ের দাবিতে আজ থেকে রাজশাহী বিভাগের সব রুটে বাস, ট্রাক চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন পরিবহন মালিক-শ্রমিকরা।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করা নন-এসি বাসগুলোয় যাত্রীপ্রতি অতিরিক্ত ১৪ টাকা আদায় করা হচ্ছে। একই রুটে এসি বাসে অতিরিক্ত আদায় হচ্ছে যাত্রীপ্রতি ১০ টাকা। জেলার অন্য অভ্যন্তরীণ ও আন্তঃজেলা রুটেও আদায় হচ্ছে অতিরিক্ত ভাড়া। একইভাবে খুলনা, দিনাজপুর, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থান থেকেও বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।



