১০০ কোটির বেশি পারিশ্রমিক নিচ্ছেন রাম চরণ!
২০২২ সালের মার্চে দক্ষিণী সিনেমার মেগাস্টার রাম চরণের ‘আরআরআর’ মুক্তি পায়। একই বছরের এপ্রিলে মুক্তি পায় ‘আচার্য’ নামে আরও একটি সিনেমা। এরপর আর কোনো ছবিতে দেখা যায়নি অভিনেতাকে। জানা গেছে, তাঁর আসন্ন ছবি ‘গেম চেঞ্জার’। তবে এ বিষয়ে কোনো আপডেট পাওয়া যায়নি।
প্রিয় তারকাকে বড় পর্দায় দেখার জন্য অধৈর্য হয়ে পড়েছেন ভক্তরা! আগামী সেপ্টেম্বরে ‘গেম চেঞ্জার’ ছবিটি মুক্তির কথা থাকলেও তা নিয়ে নেই কোনো আপডেট।
এরই মধ্যে জানা গেল নতুন খবর। দক্ষিণী নির্মাতা বুচি বাবু সানা একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন রাম চরণকে নিয়ে। প্রাথমিকভাবে সিনেমাটির নাম রাখা হয়েছে ‘আরসি ১৬’। ঘোষণার পর থেকেই সিনেমাটি নানা কারণে আলোচনায় রয়েছে। এবার জানা গেল, এ সিনেমার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন রাম চরণ।
ভারতের সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, বড় বাজেট নিয়ে ‘আরসি ১৬’ নির্মাণ করতে যাচ্ছেন বুচি বাবু সানা। আর সিনেমাটির জন্য ৭০ থেকে ৮০ কোটি রুপি [বাংলাদেশি মুদ্রায় ৯২ থেকে ১০৫ কোটি টাকার বেশি] পারিশ্রমিক নেবেন রাম চরণ।
গুঞ্জন উঠেছে, ‘আরসি ১৬’ সিনেমায় রাম চরণের বিপরীতে অভিনয় করবেন জাহ্নবী কাপুর। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি নির্মাতারা।
এর আগে ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছিল, সিনেমাটিতে সামান্থা রুথ প্রভু একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
‘আরসি ১৬’ সিনেমার বিস্তারিত তথ্য এখনও জানাননি পরিচালক। জানা গেছে, আঞ্চলিক স্পোর্টস ড্রামা ঘরানার সিনেমা এটি। সম্ভবত, কাবাডি খেলাকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমাটির কাহিনি।



