স্বল্প বিনিয়োগে বড় মুনাফা প্রত্যাশীদের মাথায় হাত

মুস্তাফিজুর রহমান নাহিদ: কিছু বিচ্ছিন্ন পতন ছাড়া গত এক বছরেরও বেশি সময় ধরে পুঁজিবাজার স্থিতিশীল। এ সময়ে বেড়েছে বাজার মূলধন ও সূচক। পাশাপাশি বেড়েছে সিংহভাগ কোম্পানির শেয়ারদর। মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির পাশাপাশি এ সময়ে দুর্বল ও স্বল্প মূলধনধারী কোম্পানির শেয়ারদরও বাড়তে দেখা যায়।

এই সুযোগে কিছু কম দরের শেয়ারে বিনিয়োগ করেন সুযোগসন্ধানী বিনিয়োগকারীরা। তাদের প্রত্যাশা ছিল স্বল্প মূলধন দিয়ে এখান থেকে বড় ধরনের মুনাফা তুলে নিবেন। কিন্তু এখন তারা এর উল্টোচিত্র দেখতে পাচ্ছেন। কারণ কিছুদিন স্বল্প দরের এসব শেয়ারদর বাড়লেও এখন এসব শেয়ারের দর কমতে শুরু করেছে। ফলে সুযোগ সন্ধানী এসব বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট হয়ে উঠেছে।

কয়েকজন বিনিয়োগকারীর সঙ্গে আলাপ করে জানা যায়, এ ধরনের কোম্পানির শেয়ার থেকে বেশি লাভবান হবেন এমন প্রত্যাশা নিয়ে বিনিয়োগ করেছিলেন। শেয়ারদর কম থাকায় স্বল্প বিনিয়োগ করেও তারা ভালো লাভ করবেন ছিল এমন আশা। প্রত্যাশা অনুযায়ী কিছুদিন এসব শেয়ারদর বাড়লেও এখন এর উল্টোচিত্র দেখা যাচ্ছে।

প্রাপ্ত তথ্যমতে, এ তালিকায় ছিল সিঅ্যান্ডএ টেক্সটাইল, ঢাকা ডায়িং, ম্যাকসন্স স্পিনিং, জাহিন টেক্সটাইল, কেয়া কসমেটিক, ফারইস্ট ফাইন্যান্স, ফ্যামিলি টেক্স, ফাস ফাইন্যান্স, ইউনাইটেড ক্যাপিটালসহ আরও কিছু কোম্পানি। কিছুদিন আগে এসব কোম্পানির শেয়ারদর তুলনামূলক বেশি বাড়তে দেখা গেছে। এর মধ্যে কিছু কোম্পানির শেয়ারদর স্বল্প সময়ের মধ্যে দ্বিগুণ হয়ে যায়। কিন্তু তখনও তারা এসব শেয়ার ছেড়ে না দিয়ে বেশি লাভের আশায় ধরে রাখেন। যে কারণে এখন এর উল্টোচিত্র দেখতে হচ্ছে।

বিষয়টি নিয়ে আলাপ করলে পুঁজিবাজার-সংশ্লিষ্টরা বলেন, দীর্ঘদিন পর পুঁজিবাজারে ধারাবাহিক স্থিতিশীলতা দেখা যাচ্ছে, যার জের ধরে সব ধরনের শেয়ারদর বাড়ছে। যে কারণে বিনিয়োগকারীরা ধারণা করছেন যে সব শেয়ারদর ১০ টাকার নিচে রয়েছে এসব শেয়ার অনন্ত অভিহিত দরের ওপরে যাবে। মূলত সেই কারণেই এসব শেয়ারদর বাড়তে ছিল। অন্যদিকে ‘জেড ক্যাটেগরি’র কোম্পানির লেনদেন সহজ করাতে কিছু কোম্পানির শেয়ারদর বাড়ছে। যারা এসব কোম্পানিতে বিনিয়োগ করছেন তাদের উচিত ছিল আরও আগে মুনাফা তুলে নেয়া। বেশি লাভের আশায় বসে থেকেই তাদের এখন এই চিত্র দেখতে হচ্ছে।

এ প্রসঙ্গে পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেন, ‘পুঁজিবাজারের যে কোনো পরিস্থিতিতে বিনিয়োগকারীদের ভালো কোম্পানির শেয়ারের সঙ্গে থাকা উচিত। যদিও আমাদের দেশে ভালো মানের কোম্পানির সংখ্যা কম, যা রয়েছে এর মধ্যে থেকে বিনিয়োগকারীদের দেখে-শুনে বিনিয়োগ করা উচিত। দুর্বল কোম্পানিতে বিনিয়োগ করে লাভের চেয়ে লোকসানের শঙ্কাই বেশি থাকে বিনিয়োগকারীদের এ কথাটি মনে রাখা দরকার।

একই বিষয়ে জানতে চাইলে ডিএসইর একজন পরিচালক বলেন, পুঁজিবাজার এখন ভালো অবস্থায় রয়েছে। এখন বিনিয়োগকারীদের অংশগ্রহণও আগের থেকে বৃদ্ধি পেয়েছে। যে কারণে সব ধরনের কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। তবে বিনিয়োগকারীদের কম দামি শেয়ার দেখে সেই কোম্পানিতে ঝুঁকে পড়া ঠিক হবে না। কারণ দুর্বল কোম্পানির শেয়ারে বিনিয়োগ করলে লাভের বদলে এর উল্টো চিত্রও দেখতে হতে পারে। শেয়ারদর যেমনই হোক না কেন বিনিয়োগের আগে কোম্পানির আর্থিক অবস্থা দেখা দরকার।

সম্পর্কিত খবর