স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আয় বেড়েছে
চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ভালো ব্যবসা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আলোচ্য সময়ে কোম্পানিটির মোট সমন্বিত আয় আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১৮ শতাংশের বেশি। আর কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ২২ শতাংশের বেশি। কোম্পানিটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদের সভায় (১৪ নভেম্বর) এ প্রতিবেদন অনুমোদন করা হয়। আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির মোট সমন্বিত আয় হয়েছে ১ হাজার ৭৪১ কোটি টাকা। যেখানে আগের বছরের একই সময়ে আয় ছিল ১ হাজার ৪৭২ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ২৬৯ কোটি টাকার বেশি বা ১৮ দশমিক ২৯ শতাংশ।
আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৪৫৭ কোটি টাকা। যেখানে আগের বছরের একই সময়ে সমন্বিত নিট মুনাফা ছিল ৩৭৩ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৮৪ কোটি ৭৫ লাখ টাকা বা ২২ দশমিক ৭৩ শতাংশ। প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৪৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৮ টাকা ৭১ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১০২ টাকা ৫৪ পয়সা।
৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৬০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১৭ টাকা ৯৯ পয়সা। যেখানে আগের বছরে সমন্বিত ইপিএস ছিল ১৫ টাকা ৭ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ১০২ টাকা ৫৪ পয়সা।
ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১৫ ডিসেম্বর সকাল ১০টায় ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানির ৫৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।
৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাব বছরে ৫২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এর মধ্যে ৪৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ১৫ টাকা ৮২ পয়সা। ৩০ জুন ২০২০ শেষে সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ৯১ টাকা ৫৭ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২১৬ টাকা ৩০ পয়সা।


