সিআইইউতে পুঁজিবাজারবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
পুঁজিবাজার সম্পর্কিত জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অনুষ্ঠিত হলো ‘পুঁজিবাজারে বিনিয়োগ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা। সম্প্রতি সিআইইউ ইনট্রিনসিক ফাইন্যান্স ক্লাব এবং লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড যৌথভাবে তরুণ শিক্ষার্থীদের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লংকাবাংলা সিকিউরিটিজের মহাব্যবস্থাপক এবং আঞ্চলিক প্রধান মোহাম্মদ আমির হোসাইন। সিআইইউর শিক্ষার্থী রাহিম হোসাইন ও সুমাইয়া তাহমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংকাবাংলা সিকিউরিটিজের সিনিয়র ম্যানেজার মিনহাজুল কবির, সিনিয়র এক্সিকিউটিভ তামজিদ উল্লাহ ও কর্মকর্তা সাজিদ আবরার এবং সিআইইউ ইনট্রিনসিক ফাইন্যান্স ক্লাবের ফ্যাকাল্টি ইনচার্জ অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের।
