শিম-বেগুনের দামে আগুন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাজারে চড়া সবজির দাম। বৃষ্টি ও পরিবহন খরচ বৃদ্ধির কারণ দেখিয়ে বিক্রেতারা বাড়তি দামে বিক্রি করছেন বিভিন্ন ধরনের সবজি। বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শিম, প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকা। গোল বেগুনের কেজি ১৪০ থেকে ১৬০ টাকা। তবে সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে কাঁচা পেঁপে, প্রতি কেজি ৩০ টাকা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পটল ৭০ টাকা, শসা ৮০ টাকা, গোল বেগুন ১৪০ থেকে ১৬০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, ছোট ফুলকপি প্রতিটি ৭০ টাকা, কাঁচা পেঁপে ৩০ টাকা, কচুর লতি ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা এবং চিচিঙ্গা ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া করলা প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা, ধুন্দুল ৮০ টাকা, টমেটো ১০০ টাকা, গাজর ১৪০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, শিম ২০০ টাকা, বরবটি ১০০ টাকা এবং কাঁচা মরিচ ২০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ ৭০ টাকা, জালি ৫০ থেকে ৬০ টাকা, চারটি কাঁচকলা ৪০ টাকা এবং চারটি লেবু ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মালিবাগ বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী আসাদুজ্জামান বলেন, আজ বাজারে সবজির দাম কিছুটা বেশি। বিক্রেতারা বলছেন, পরিবহন খরচ বেড়েছে এবং বৃষ্টির কারণে সরবরাহ কমেছে। বেশির ভাগ সবজি কেজিপ্রতি ৮০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে। তবে শিমের কেজি ২০০ টাকা ও বেগুনের কেজি ১৬০ টাকা। শুধু পেঁপে ৩০ টাকায় পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে বাজারে সবজির দাম বাড়তি।
রামপুরা বাজারের সবজি বিক্রেতা রহিদুল ইসলাম বলেন, কয়েক ধরনের সবজির দাম কিছুটা বেশি হলেও অধিকাংশ সবজি কেজিপ্রতি ৮০ টাকার মধ্যে রয়েছে। কয়েক দিনের বৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়ায় বাজারে সরবরাহ কমেছে। শিম ১৮০ থেকে ২০০ টাকা এবং বেগুন ১৪০ থেকে ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
তিনি আরও বলেন, সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ায় সবজি পরিবহন খরচও বেড়েছে। এর প্রভাব পড়েছে বাজারে। তবে সামনে সবজির মূল মৌসুম শুরু হলে দাম কমে আসবে বলে আশা করছেন তিনি।



