রাজধানীতে গলায় ফাঁস নিল কলেজছাত্র

রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে ইয়াসিন হোসেন বিজয় (১৭) নামে এক কলেজছাত্র।

বৃহস্পতিবার দুপুরে বিজয়কে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইয়াসিন শরীয়তপুরের ডামুড্যা উপজেলার আব্দুল কাদেরের ছেলে। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের একাদশ শ্রেণির হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র ছিল সে। পরিবারের সঙ্গে শেরেবাংলা নগর পূর্ব রাজাবাজার আমবাগান এলাকায় একটি বাসায় থাকতো।

স্বজনরা জানান, এক কিশোরীর সঙ্গে বিজয়ের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের অবনতির কারণে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে সে।

ইয়াসিনের বড় ভাই মো. রাজা জানান, দুপুরে বাসায় কক্ষের ভেতর ইয়াসিনকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে শমরিতা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেল নেয়া হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া ইয়াসিনকে মৃত ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সম্পর্কিত খবর