মেয়ের শাবলের আঘাতে মায়ের মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় মেয়ের শাবলের আঘাতে মায়ের খুন হওয়ার খবর পাওয়া গেছে। জমি নিয়ে বিরোধের জেরে মেয়ের শাবলের আঘাতে মা খোদেজা বেগম (৬০) মারা যাওয়ার অভিযোগ উঠেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. চাঁদ মিয়া।

উপজেলার কাশিমপুর গ্রামে বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। নিহত খোদেজা ওই গ্রামের আব্দুল খালেকের স্ত্রী। এ ঘটনায় মেয়ে নাজমা আক্তারকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল খালেকের ৪ মেয়ের মধ্যে বড় মেয়ে মারা গেছেন বছরখানেক আগে। তিন নম্বর মেয়ে নাজমা আক্তার বিয়ে করে বাবার বাড়ির পাশেই বসবাস করতেন। অনেক দিন ধরে নাজমা বাবা-মায়ের কাছে অতিরিক্ত জমি দাবি করে আসছিল। জমির জন্য প্রায়ই বাবা-মাকে মারধর করতেন নাজমা ও তার স্বামী।

নিহতের স্বামী আব্দুল খালেক বলেন, ভাঙা হাতের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান। বাড়ি ফিরে দেখেন ঘরে খোদেজা পড়ে আছে।

খালেক অভিযোগ করে আরও বলেন, আমি বাড়ি না থাকার সুযোগে মেয়ে নাজমা আক্তার, জামাতা মিজানুর রহমান ও নাতি নয়ন মিয়া মিলে শাবল দিয়ে আঘাত করে খোদেজাকে হত্যা করেছে।

এ প্রসঙ্গে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ধারণা করা হচ্ছে লোহা জাতীয় ভারি কিছু দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনায় জড়িত থাকার সন্দেহ মেয়ে নাজমা আক্তারকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর